মুস্তাফিজুর রহমানকে কদিন আগে জিজ্ঞেস করা হয়েছিল, বাংলাদেশ দলে মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বে খেলেছেন; বিপিএলে খেলছেন কুমার সাঙ্গাকারার অধিনায়কত্বে। দুজনের মধ্যে পার্থক্য কী?
বাঁহাতি পেসারের উত্তর, ‘দুজনই বস’! ছোট্ট জবাবে লুকিয়ে ছিল অনেক কিছুই। দুই ‘বসে’র বাহবা নিয়মিতই পাচ্ছেন। অল্প কদিনে অনেক অর্জনের কারণে মাশরাফি প্রশংসায় ভাসিয়েছেন মুস্তাফিজকে। বিপিএলে সাঙ্গাকারাও তাঁকে প্রশংসায় ভাসাচ্ছেন।
কাল সাঙ্গার মুখে আরেক প্রস্থ মুস্তাফিজ-স্তুতির কারণ, আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে তাঁর জায়গা পাওয়া। তবে একই দলে নিজের নাম দেখে খানিকটা ‘অবাক’ লঙ্কান কিংবদন্তি।
মার্চে বিশ্বকাপের পরই বিদায় বলেছেন ওয়ানডেকে। বিদায়ের আগের চার মাসে ২৪ ম্যাচে ৭৩.৫০ গড়ে করেছেন ১ হাজার ৩৯০ রান। এর মধ্যে ৬ সেঞ্চুরির টানা চারটি বিশ্বকাপে। একাদশের অন্য ব্যাটসম্যানদের মধ্যে তাঁর চেয়ে এগিয়ে শুধু কেন উইলিয়ামসন ও তিলকরত্নে দিলশান। আইসিসির নির্দিষ্ট সময়সীমার মধ্যে দুজনই খেলেছেন ৩১ ম্যাচ।
এরপরও নিজের নাম দেখে কেন বিস্মিত, সে এক প্রশ্ন বটে। তবে একই দলে তরুণ মুস্তাফিজুরকে দেখে উচ্ছ্বসিত সাঙ্গাকারা, ‘আইসিসির বর্ষসেরা দলে থাকতে পারা অবশ্যই সম্মানের। এই দলে মুস্তাফিজকে পাওয়াটা দারুণ। এটা তার পাওনা ছিল। আমার ব্যাপারটি হচ্ছে, নিশ্চয়ই জানেন এর মধ্যই অবসর নিয়েছি। তারপরও আইসিসির দলে থাকাটা অবাক করা। গত বছর কিছুটা খেলেছিলাম বলে হয়তো আমাকে রাখা হয়েছে। সব মিলিয়ে ভালো লাগছে।’
আইসিসি বর্ষসেরা একাদশের দুজন খেলছেন এই বিপিএলে। দুজনই ঢাকা ডায়নামাইটসে। সেরা দুই খেলোয়াড় থাকার পরও পয়েন্ট টেবিলে ঢাকার অবস্থান ভালো নয়। সেরা চারে নিজেদের জায়গা পোক্ত করতে নিজেদের শেষ চারটি ম্যাচে ভালো করতেই হবে। আর ভালো করতে স্থানীয় খেলোয়াড়দের দিকেই তাকিয়ে সাঙ্গাকারা, ‘আমাদের দলের ব্যাটিং লাইনআপটা বেশ ভারসাম্যপূর্ণ। স্থানীয়রাও ভালো খেলছে। তবে তাদের আরও জ্বলে উঠতে হবে। আমার বিশ্বাস, তারা সেটা পারবে। বাংলাদেশের সেরা খেলোয়াড়দের কয়েকজন আছে আমাদের দলে। এগিয়ে যেতে তাদের সুযোগ দিতে হবে।’
বিপিএলে অন্য দলগুলোর তুলনায় ঢাকার স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্স বলার মতো নয়। বোলাররা কিছুটা ভালো করলেও হতাশ করেছেন ব্যাটসম্যানরা। সাঙ্গাকারা তাই বলছেন, ‘স্থানীয় খেলোয়াড়দের জ্বলে ওঠা দরকার।’
নাসির-সাদমানরা জ্বলে উঠতে পারবেন?