মুস্তাফিজের অপেক্ষায় সাতক্ষীরা
সেই মুস্তাফিজুর রহমানের সঙ্গে এখনকার মুস্তাফিজুর রহমানকে মেলানো যায় না! চার মাস আগে এলাকায় তিনি ছিলেন আর দশজনের মতোই সাধারণ এক তরুণ। আর এখন বাংলাদেশের ক্রিকেটের সম্ভাবনার নতুন মুখ। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ও ওয়ানডে অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ হওয়া মুস্তাফিজুর চার মাস পর আজ যখন ফিরে যাবেন সাতক্ষীরার তেঁতুলিয়া গ্রামে, তাঁকে বরণ করে নেবে এলাকার মানুষ। কীভাবে হবে সেই বরণ, সেটাই যেন কেউ ভেবে পাচ্ছে না!
মুস্তাফিজ বাড়ি আসছেন বলে গ্রামজুড়ে উৎসবের আমেজ। মুস্তাফিজের বন্ধু মেহেদি হাসান জানালেন, ঢাকা থেকে সকাল নয়টার একটি বিমানে করে যশোরে আসবেন মুস্তাফিজ। তাঁকে আনতে ১১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যশোর বিমানবন্দরে যাবে তেঁতুলিয়া গ্রামের কয়েক শ মানুষ। ঢাক-ঢোল আর মাইক নিয়ে বাস, ট্রাক, পিকআপ, প্রাইভেট কার, মোটরসাইকেলের দীর্ঘ শোভাযাত্রা হবে।
সাতক্ষীরা-যশোর সড়কের কাজীরহাট, কলারোয়া ও সখীপুর মোড়ে সংবর্ধনা দেবে ওই এলাকার মানুষ। গ্রামে পৌঁছানোর পর তেঁতুলিয়ায় হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। ফুল ছিটিয়ে বরণ করা হবে তাঁকে। স্থানীয় মাঠে দেওয়া হবে সংবর্ধনা। এরপর ১৬ আগস্ট তেঁতুলিয়া-বরেয়া গ্রামবাসীর পক্ষ থেকে দেওয়া হবে আরেকটি সংবর্ধনা। করা হবে নানা আয়োজন। সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান প্রথম আলোকে মুঠোফোনে জানালেন, মুস্তাফিজ ও সৌম্য (সৌম্য সরকার) বাড়িতে এলে তাঁদের সঙ্গে আলোচনা করে একসঙ্গেই সাতক্ষীরার দুই ক্রিকেট-নায়ককে দেওয়া হবে অন্যরকম সংবর্ধনা।