মুস্তাফিজের অভাব বোধ করল সাসেক্স

টি-টোয়েন্টি ব্লাস্টের সর্বশেষ ম্যাচে কাঁধে ব্যথা অনুভব করেছিলেন মুস্তাফিজুর রহমান। গ্লস্টারশায়ারের বিপক্ষে লন্ডন কাপ ওয়ানডের টুর্নামেন্টের ম্যাচটিতে তাই মাঠে নামেননি বাড়তি সতর্কতা হিসেবে। মুস্তাফিজের অভাব সাসেক্স টের পেল ভালোভাবেই। ম্যাচটা মুস্তাফিজের দল হেরেছে ৫১ রানে।
এসেক্সের বিপক্ষে টি-টোয়েন্টি ব্লাস্টে মুস্তাফিজের বোলিং দেখে সাসেক্স অধিনায়ক লুক রাইট তাঁকে ‘অন্য রকম বোলার’ হিসেবে অভিহিত করেছিলেন। সেই অন্য রকম বোলারটিকে মাঠের বাইরে রেখে গ্লস্টারশায়ারের বিপক্ষে ওয়ানডে ম্যাচটিতে সাসেক্সের বোলাররা ছিলেন প্রায় সবাই গড়পড়তা। কেবল লেগ স্পিনার উইল বিয়ার নিজের ১০ ওভারে ৩৮ রান দিয়ে গ্লস্টারশায়ারের রাশটা টেনে রেখেছিলেন। এ ছাড়া বাকি সবাই কমবেশি খরুচে ছিলেন। সাসেক্স বোলারদের মাঝারি মানের নৈপুণ্যে টসে হেরে আগে ব্যাট করা গ্লাস্টারশায়ার নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে স্কোরবোর্ডে তোলে ২৪২ রান। গ্লস্টারশায়ারের ওপেনার মিচেল ক্লিঙ্গার ৪৬ ও টম স্মিথ ৪৩ রান করেন।
সাসেক্সের জন্য ২৪৩ রান হয়তো খুব বড় লক্ষ্য ছিল না, কিন্তু দলের ব্যাটসম্যানদের বেশির ভাগই নেমেছিলেন আত্মহত্যার মিছিলে। গ্লস্টারশায়ারের বাঁহাতি স্পিনার টম স্মিথ ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও ছিলেন সফল। মাত্র ২৬ রানে ৪ উইকেট নিয়ে কাঁপিয়ে দেন সাসেক্সের ব্যাটিং। তবে সাসেক্সের হয়ে লড়েছেন হ্যারি ফিঞ্চ, তাঁর সংগ্রহ ছিল ৮৭। এ ছাড়া ব্রেন ব্রাউন ৩৯, লুক রাইট ১৮ ও ক্রিস জর্ডান ১৪ রান করেন। সাসেক্সের ইনিংস ৪৫.৪ ওভারের বেশি যেতে পারেনি। তারা অলআউট হয়ে যায় ১৯১ রানেই।
এখন পর্যন্ত ৫ ম্যাচ থেকে ২ পয়েন্ট নিতে পারা সাসেক্স লন্ডন কাপের পয়েন্ট তালিকায় বেশ দুর্বল অবস্থানেই আছে। নর্থ-সাউথ-ইংলিশ কাউন্টি দলগুলোকে এই দুই গ্রুপে ভাগ করে আয়োজিত এই প্রতিযোগিতার সাউথ গ্রুপের সর্বশেষ স্থানটি সাসেক্সের। মুস্তাফিজুর রহমানের দ্রুত আরোগ্য এখন সাসেক্সবাসীর প্রার্থনাই। সূত্র: ইএসপিএনক্রিকইনফো।