মুস্তাফিজের উল্লম্ফন বাংলাদেশের অবনমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকেই মুস্তাফিজুর রহমান পাচ্ছেন একের পর এক সুখবর। জিম্বাবুয়ে সিরিজ শেষে পেলেন আরেকটি সুখবর। বাঁহাতি পেসারের সর্বশেষ সুখবর, র‌্যাঙ্কিংয়ে বিরাট লাফ। সর্বশেষ আইসিসি টি-টোয়েন্টি র্যা ঙ্কিংয়ে ৭৮ ধাপ লাফ দিয়ে চলে এসেছেন ৩৭ নম্বরে।
খুলনায় জিম্বাবুয়ে সিরিজে খেলেছিলেন প্রথম দুটি টি-টোয়েন্টি। নিয়েছিলেন ৪ উইকেট। র‌্যাঙ্কিংয়ে বিরাট লাফের জন্য এটিই বড় ভূমিকা রেখেছে। এ সিরিজের আগে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ছিলেন ১০০-এর ওপারে। এবার চলে এলেন ৩৭ নম্বরে। সামনে আরও এগোতেই চাইবেন ৭ টি-টোয়েন্টিতে ১০ উইকেট নেওয়া মুস্তাফিজ।
মুস্তাফিজের দিনে সাকিব আল হাসানের হয়েছে অবনমন। বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে বারোতে নেমে গেছেন বাঁহাতি স্পিনার। অবশ্য অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিব শীর্ষস্থান ধরে রেখেছেন। ওদিকে দুই ধাপ এগিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক আছেন র‌্যাঙ্কিংয়ের ৩৩ নম্বরে। পেসার আল আমিন ১৫ ধাপ এগিয়ে ৩৫-এ।
জিম্বাবুয়ে সিরিজেই দারুণ ব্যাটিংয়ের পুরুষ্কার পেয়েছেন সাব্বির রহমান। র‌্যাঙ্কিংয়ে ৫৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ারসেরা ৭৯ নম্বরে। ব্যাটসম্যানদের মধ্যে সাব্বিরই সবচেয়ে বেশি সফল। তবে সবচেয়ে এগিয়ে আছেন সাকিব। তিনি আছেন ব্যাটিংয়ে ২৩ নম্বরে।
ব্যক্তিগত এমন দু-একটি সাফল্য বাদ দিলে দলীয় র‌্যাঙ্কিংটা বাংলাদেশের জন্য হতাশার। ১৪ নম্বরে থাকা জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ ড্র করে টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখন স্কটল্যান্ডেরও পরে। এক ধাপ পিছিয়ে মাশরাফির দল ১১ নম্বরে।