মুস্তাফিজের জন্য আমরা গর্বিত
>

বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক কোচ শহীদুল আলম রতন বর্তমানে মিডলসেক্স ক্যাপিটাল কিডস ক্রিকেটের পরিচালক। এ ছাড়া এসেক্স ক্রিকেট ক্লাবের তৃণমূল পর্যায়ের উন্নয়ন কার্যক্রমে ইস্ট লন্ডন অংশের সমন্বয়কের ভূমিকায় আছেন তিনি। প্রায় আট বছর ধরে ইংল্যান্ডপ্রবাসী সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান পরশু মাঠে বসে দেখেছেন কাউন্টি দল সাসেক্সের হয়ে মুস্তাফিজুর রহমানের অভিষেক ম্যাচ। সেই অভিজ্ঞতার কথাই লিখেছেন প্রথম আলোর পাঠকদের জন্য—
সাকিব-তামিমরাও আগে ইংল্যান্ডে খেলে গেছে। কিন্তু মুস্তাফিজুর রহমান আসবে, খেলবে—এ নিয়ে কিছুদিন ধরে অন্য রকম এক আগ্রহ এবং উত্তেজনা কাজ করছিল এখানকার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। মাঠেও কয়েক শ বাংলাদেশি হাজির ছিলেন এদিন। তাঁদের মধ্যে আমিও একজন।
ইংল্যান্ডে যেকোনো ম্যাচের টিকিট পাওয়াই অনেক কঠিন। তবে এসেক্সের সঙ্গে কাজ করার সুবাদে আমি কাল (পরশু) সাত-আটজনের টিকিটের ব্যবস্থা করতে পেরেছি। এর বাইরেও এই ম্যাচে যত বাংলাদেশি টিকিট কিনেছেন, সেটা আগে কখনো হয়নি। এসেক্সে ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা অবাক হয়ে আমাকে বললেন, ‘এত বেশি বাংলাদেশি টিকিট কিনেছে যে আমার বিশ্বাসই হচ্ছে না!’ আগামী মৌসুমে এসেক্সও নাকি অন্তত দুজন বাংলাদেশি ক্রিকেটারকে আনতে চেষ্টা করবে।

প্রবাসী বাংলাদেশিদের অপেক্ষাটা সার্থক হয়েছে মুস্তাফিজের দারুণ পারফরম্যান্সে। এসেক্সের ব্যাটসম্যানরা ওর বল বুঝতেই পারেনি। মুস্তাফিজ যে দুটি ছক্কা খেল, সেগুলোও ব্যাটসম্যানরা ঠিক বুঝে মেরেছে বলে মনে হয়নি। হয়তো আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রেখেছিল শট খেলবে।
মুস্তাফিজের সামনে সব ব্যাটসম্যানকেই খুব সতর্ক মনে হয়েছে। চেষ্টা করেছে এক-দুই রান নিয়ে খেলতে। ওদের গেমপ্ল্যানেই হয়তো ছিল যে, ওকে মেরে খেলবে না। সাসেক্সও মুস্তাফিজকে অনেকটা তার আইপিএলের দলের মতো ব্যবহার করেছে। ষষ্ঠ ওভারে প্রথম বল দিল। পরে করেছে ১৬, ১৮ আর ২০তম ওভার।
মুস্তাফিজের একেকটি উইকেট সাসেক্সের খেলোয়াড় আর সমর্থকদের আনন্দে ভাসিয়েছে। আমার আশপাশে এসেক্সের প্রচুর সমর্থক ছিলেন। এসেক্সের সঙ্গে কাজ করায় আমি ওদের টি-শার্ট পরেই খেলা দেখতে গিয়েছিলাম। কিন্তু মুস্তাফিজ উইকেট পেলে আমিও লাফ দিয়ে উঠেছি। আশপাশের দর্শকেরা অবাক হয়ে বলেছেন, ‘তুমি এসেক্সের গেঞ্জি পরে সাসেক্সকে সমর্থন দিচ্ছ কেন!’
অথচ মুস্তাফিজকে ৪ উইকেটের কোনোটিতেই উল্লাস করতে দেখলাম না! একেবারেই স্বাভাবিক। কোনো উদ্যাপন না করেই পরের বলটি করার জন্য হেঁটে চলে যাচ্ছে। ইনিংসের দ্বিতীয় ওভারে মিলসের বলে ফিল্ডার হিসেবে দারুণ একটা ক্যাচও নিয়েছিল। ওটাই ছিল সাসেক্সের হয়ে ওর প্রথম কিছু করা। উল্লাস করেনি তখনো। মাঠে মুস্তাফিজকে বিস্ময়কর রকমের নির্ভার মনে হয়েছে। বোঝাই যায়নি ও ক্লান্ত বা আগের দিন ইংল্যান্ডে এসে পরদিনই খেলতে নেমে গেছে।
ম্যাচ শেষে এসেক্স-সাসেক্স দুই দলের সমর্থকদের মুখেই মুস্তাফিজের প্রশংসা। সবার এক কথা, সে দারুণ এক প্রতিভা। কয়দিন আগেও যাকে কেউ চিনত না এখন তার বল ব্যাটসম্যানরা খেলতেই পারছে না! এসেক্সের এক সমর্থককে বলতে শুনলাম, ‘হি ইজ বেস্ট অব দ্য বেস্টস।’
মুস্তাফিজের কাজই হয়তো এমন! নিজে উল্লসিত হবে না, কিন্তু মানুষকে উল্লাসে ভাসাবে। বিস্ময়ে ডুবিয়ে দেবে। আমাদের জন্য এ রকম একজন ক্রিকেটার পাওয়া বিরাট গৌরবের। প্রবাসজীবনে দিনটা ছিল আমার জন্য দারুণ অহংকারের। মুস্তাফিজের জন্য বাংলাদেশের মানুষ হিসেবে আমি গর্বিত। এর আগে তামিম ইকবাল যেদিন লর্ডসে সেঞ্চুরি করল, সেটাও আমাদের জন্য গৌরবোজ্জ্বল একটা দিন ছিল।
লুক রাইট
সাসেক্স অধিনায়ক
দুর্দান্ত দলগত পারফরম্যান্স! মুস্তাফিজের জন্য এত দিন অপেক্ষা করার ফল পেলাম। কী অবিশ্বাস্য এক প্রতিভা!!!
টম মুডি
হায়দরাবাদ সানরাইজার্সের কোচ
ম্যাচ জেতানো পারফরম্যান্স দিয়েই আবারও মুস্তাফিজের খেলায় ফেরা দেখতে দারুণ লাগল। ২৩ রানে ৪ উইকেট!
ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টের অফিশিয়াল টুইটার
ব্যাটসম্যানরা সাবধান! বাংলাদেশের সুপারস্টার মুস্তাফিজ এসে গেছেন আর বোলিংয়ে আগুন ঝরাচ্ছেন!