মুস্তাফিজের দুই ভয়

টি-টোয়েন্টি বিশ্বকাপে মুস্তাফিজের ছক্কার কথা মনে আছে? লং অন দিয়ে গ্র্যান্ট এলিয়টকে মারা সেই ছক্কার দৃশ্যটি স্মৃতিতে গেঁথে রাখুন। কারণ, এ দৃশ্য আবার কখনো দেখতে পাবেন কি না, সন্দেহ জাগছে। ব্যাট হাতে নিতেই যে ভয় পান মুস্তাফিজুর রহমান!
‘সে দুটি জিনিসকেই ভয় পায়, ব্যাটিং করা ও ইংরেজিতে কথা বলা’, কথাটি রিকি ভুইয়ের। নামটি অচেনা ঠেকতে পারে, তবে মুস্তাফিজের ভালোই পরিচিত। মুস্তাফিজ ছাড়া মধ্যপ্রদেশের এই ব্যাটসম্যানই সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াডের একমাত্র বাংলা জানা মানুষ। ২০১৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মুস্তাফিজের সঙ্গে একসঙ্গে খেলেছেনও।
আইপিএলের শুরু থেকে হায়দরাবাদ কোচ টম মুডি ও অধিনায়ক ডেভিড ওয়ার্নার মুস্তাফিজের জন্য বাংলা শিখতে চেষ্টা করেছেন। মুস্তাফিজের সঙ্গে কথা বলতে সুবিধা হবে ভেবে ওয়ার্নার তো গুগল ট্রান্সলেটরেরও সাহায্য নেওয়ার কথা ভেবেছিলেন। তবে এত কষ্ট তাঁদের করতে হয়নি। রিকি ভুইয়ের খোঁজ যে পাওয়া গেছে তার আগেই!
বাংলা জানা ভুইকে সম্বল করেই আইপিএলের এ আসর পার করে দিয়েছে হায়দরাবাদ। অনুবাদকের ভূমিকায় থাকতে থাকতে মুস্তাফিজের বন্ধুই হয়ে গেছেন ভুই, ‘মুস্তাফিজ ইংরেজি জানে না বলে দলের অন্যদের সঙ্গে খুব একটা কথাও বলতে পারে না। ও আমার সঙ্গেই কথা বলে, ফলে আমাদের মধ্যে ভালো বন্ধুত্বও হয়ে গেছে।’
প্রথম পর্বে ১৬টি উইকেট নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন মুস্তাফিজ। কিন্তু মুস্তাফিজের আইপিএল-যাত্রা এত সহজ ছিল না। অচেনা পরিবেশে অপরিচিত সব মুখের সঙ্গে দেড় মাসেরও বেশি সময় পার করা তো আছেই। সঙ্গে ছিল ইংরেজিতে কথা বলার চ্যালেঞ্জ। ভুই জানালেন, মুস্তাফিজের ইংরেজির ভান্ডার এখনো তেমন সমৃদ্ধ নয়, ‘সে দুটি শব্দই বলে, “প্রবলেম” আর “নো প্রবলেম”। “নো প্রবলেম” মানে সে জানে কী করতে হবে, আর “প্রবলেম” মানে সে কিছুই বুঝছে না। ইংরেজি বলার ভয়ে সে সব সময় রুমেই থাকে।’
তবে এতেও কাজ চলে যাচ্ছে হায়দরাবাদের। ভুইয়ের সাহায্য তো পাওয়া যাচ্ছেই, ‘খেলার স্ট্র্যাটেজিক টাইম আউটে আমি মাঠে গিয়ে ওকে দলের পরিকল্পনাগুলো বলে দিই। কোন ব্যাটসম্যানকে কীভাবে বল করতে হবে, কার জন্য কীভাবে মাঠ সাজাতে হবে। সে ইশারা দিয়েই মাঠে কাজ চালায় বেশি। স্লোয়ার দেওয়ার আগে কবজি মোচড় দিয়ে ইঙ্গিত দেয়, আর বাউন্সার দিতে চাইলে মাথার দিকে ইঙ্গিত করে।’
তাহলে মুডি আর ওয়ার্নারের বাংলা শেখার কী হলো? মুডির কথা শুনে মনে হচ্ছে, তাঁরা সে চেষ্টায় ক্ষান্ত দিয়েছেন, ‘আমাদের বাংলার কোনো উন্নতি হয়নি, তবে ওর ইংরেজি একটু ভালো হয়েছে।’
বাকি রইল ব্যাটিংয়ের ভয়। ১৪ ম্যাচে একবারও যেহেতু ব্যাট হাতে নামতে হয়নি মুস্তাফিজকে, সেটাও ভোগাচ্ছে না হায়দরাবাদকে। সূত্র: ক্রিকইনফো।