মুস্তাফিজের পুনর্বাসন শুরু আজ থেকে
সাতক্ষীরা থেকে ঢাকায় চলে এসেছেন কালই। আজ সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে মুস্তাফিজুর রহমানের পুনর্বাসন ও চিকিৎসা। দুই থেকে তিন সপ্তাহ ধরে চলবে এই প্রক্রিয়া।
আইপিএল থেকে ডান পায়ের দুটি চোট নিয়ে ফিরেছেন মুস্তাফিজ। একটি সমস্যা হ্যামস্ট্রিংয়ে, অন্যটি অ্যাঙ্কেলের নিচের দিকে। এ ছাড়া আছে পুষ্টিগত সমস্যাও, যে কারণে প্রায় দুই কেজি ওজন হারিয়েছেন তিনি। বিসিবির ফিজিও-চিকিৎসকেরা মূলত এসব সমস্যা নিয়েই কাজ করবেন। তাতে পুরোপুরি ফিট হতে বাঁহাতি এই পেসারের সর্বনিম্ন ৮ থেকে ১০ দিন ও সর্বোচ্চ তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে জানা গেছে। অবশ্য ব্যথা কমে গেলে মুস্তাফিজ বোলিং শুরু করতে পারেন এর আগেই।
মুস্তাফিজের সাসেক্সের হয়ে খেলাটাও এখন নির্ভর করছে তাঁর ফিটনেসের ওপর। তবে খেলার মতো ফিট হতে কত দিন লাগতে পারে, সে ব্যাপারে আগে থেকে কোনো মন্তব্য করতে রাজি নন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিষয়টা তাঁর শারীরিক ও মানসিক দুই ধরনের ফিটনেসের ওপরই নির্ভর করছে।