মুস্তাফিজের ফিরতে আরও ৫ দিন

অস্ত্রোপচারের পর দুই রাত হাসপাতালে থেকে লন্ডনের স্থানীয় সময় কাল দুপুর সাড়ে ১২টায় নিজের ঠিকানায় ফিরেছেন মুস্তাফিজুর রহমান। পূর্ব লন্ডনের ডেগেনহাম এলাকায় সেন্ট পিটার্স স্কুল অব লন্ডনের প্রিন্সিপাল এ জি এম সাব্বিরের বাসায় আছেন তিনি। তবে মুস্তাফিজের দেশে ফিরতে অন্তত পাঁচ দিন অপেক্ষা করতে হতে পারে।
লন্ডনের কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতাল থেকে মুস্তাফিজ বেরিয়েছেন বেশ ফুরফুরে মেজাজেই। পরশু হাতে যে ব্যথাটা ছিল, সেটা আর নেই। মুস্তাফিজের এখনকার অবস্থায় শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেস বেশ সন্তুষ্ট বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী।
১৭ আগস্ট দুপুরে অস্ত্রোপচার-পরবর্তী কিছু পরীক্ষা করাতে আবারও হাসপাতালে যাবেন মুস্তাফিজ। পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক হলে এর এক দিন পর দেবাশিসের সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা তাঁর। তবে চিকিৎসক ওয়ালেসের মতামত জেনেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।