মুস্তাফিজের সামনে এখন চ্যালেঞ্জ
ভারতকে গুঁড়িয়ে দিয়ে স্বপ্নের মতো অভিষেক। মিরপুরের প্রথম ওয়ানডেতে ম্যাচসেরাও মুস্তাফিজুর রহমান। ওই ম্যাচের পরই বাংলাদেশের ক্রিকেটের নতুন বিজ্ঞাপন হয়ে উঠেছেন ১৯ বছর বয়সী বাঁহাতি পেসার। স্বভাবতই দ্বিতীয় ওয়ানডের আগেও পাদপ্রদীপের আলোটা তাঁর ওপরই। কাল রোহিত শর্মার মুখেও উঠল তাঁর নাম। প্রথম ওয়ানডেতে তাঁকে দিয়েই শুরু মুস্তাফিজুরের ৫ উইকেটের পথে যাত্রা। ভারতকে একটা দুঃস্বপ্নই উপহার দিয়েছেন মুস্তাফিজ, তবু তাঁর প্রশংসাই ঝরল রোহিতের মুখে, ‘বাংলাদেশের অভিষিক্ত বাঁহাতি পেসার (মুস্তাফিজ) দারুণ বোলিং করেছে। সে কন্ডিশনেরও পুরো সদ্ব্যবহার করেছে। আসলে কন্ডিশন তার অনুকূলে ছিল। আমরাও কিছু বাজে শট খেলেছি। কিন্তু সে তার স্লোয়ার এবং কাটার খুব ভালোভাবে কাজে লাগিয়েছে।’
প্রতিপক্ষও যাঁর প্রশংসায় পঞ্চমুখ, সেই মুস্তাফিজকে নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। তাঁর মতে, আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো নতুন বোলারই প্রতিপক্ষের কাছে অচেনা থাকার সুবিধা পান, যেটা ভারতের বিপক্ষে পেয়েছেন মুস্তাফিজও। তবে পারফরম্যান্স দিয়ে সবার নজরে চলে এলেন, বাংলাদেশি পেসারের সামনে চ্যালেঞ্জটা ক্রমেই আরও বড় হবে। হাথুরুসিংহের এই সত্যটা অজানা নয়, ‘এখন সবাই তাকে চিনবে। তাকে ও তার প্রতিভাকে আরেকটু সম্মান করে খেলবে। সুতরাং এটা তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। ভারতীয়রা এখন তার বিপক্ষে আরও আটঘাট বেঁধে নামবে।’
হাথুরুসিংহে দিব্য দৃষ্টিতেই যেন দেখছেন মুস্তাফিজের এগিয়ে যাওয়ার পথটায় অনেক কাঁটা ছড়িয়ে আছে। তারপরও তাঁর বিশ্বাস আছে, সে সব এড়িয়ে ঠিকই এগিয়ে যাবেন মুস্তাফিজ, ‘পরিকল্পনাই শেষ নয়, মাঠে সেটা প্রয়োগও করতে হয়। মুস্তাফিজ চাইবে সেটা, ওদের ব্যাটসম্যানরাও চাইবে। ভারতীয়রা অবশ্যই পাল্টা আঘাতের চেষ্টা করবে। কিন্তু পরিকল্পনামতো বোলিং করতে পারলে মুস্তাফিজ আবারও সফল হবে।’