মুড়ি মুড়কির মতো উইকেট পড়ল বাংলাদেশের

প্রথম দুই টি-টোয়েন্টি যদি আপনাকে আশা জাগায়, পরের দুটো ম্যাচ নিঃসন্দেহে হতাশ করেছে। প্রথম দুই ম্যাচে যদি আশা জাগে, তবে বোধ হয় ভূতটা তাড়াতে পারল বাংলাদেশ, পরের দুটো ম্যাচ ফিরিয়ে আনল সেই ভূত। টি-টোয়েন্টির ভরা মৌসুমের ‘প্রস্তুতি সিরিজে’র পরীক্ষা-নিরীক্ষা দুই দফায় বিফল হলো। ম্যাচ এখনো শেষ হয়নি। তবে ম্যাচ জেতার আশা সম্ভবত শেষই!
সিরিজের শেষ ম্যাচে মুড়ি মুড়কির মতো উইকেট পড়ছে বাংলাদেশের। ১৮১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ১৭ রানেই হারিয়ে ফেলে ৪ উইকেট। মাঝখানে ‘আক্রমণই রক্ষণের সেরা উপায়’ তত্ত্ব মেনে নিয়ে ইমরুল-মাহমুদউল্লাহ পাল্টা আক্রমণ শুরু করেছিলেন। কিন্তু ইমরুল কায়েস ১৮ রান করে ফেরায় আবারও ভীষণ চাপে বাংলাদেশ। ৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৫৩।
২-০তে এগিয়ে যাওয়ায় সিরিজটা পরীক্ষা নিরীক্ষার সুযোগটা নেয় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সেটি বুমেরাং হওয়াতেই চতুর্থ ম্যাচে প্রায় পূর্ণ শক্তির দল ফেরানো হয়। কিন্তু আফগানদের কাছে নাকানিচুবানি খেয়ে আসা জিম্বাবুয়ে তৃতীয় ম্যাচে যে ‘মোমেন্টাম’টি পেয়েছিল, কিংবা বলা ভালো বাংলাদেশ যেটি হারিয়েছিল, সেটিও ওপরই দাঁড়িয়ে গেল চতুর্থ ম্যাচটিও।
দ্বিতীয় ওভারের প্রথম বলেই সৌম্য সরকারের লং অন দিয়ে ছক্কা। গ্যালারির আনন্দ উচ্ছ্বাস থিতু হওয়ারও সময় পেল না, মাদজিভার পরের বলেই সৌম্য (১১) আউট। এমন ধাক্কা সামলে ওঠার চেষ্টার শুরুও হয়নি তখন, ওভারের শেষ বলে বোল্ড হয়ে ফিরে গেলেন তামিম (১)। পরের ওভারের প্রথম বলেই সাব্বিরও (১) ধরলেন তামিমের পথ। চিসোরোর ফুলটস ক্যাচ বানিয়ে দিলেন আগের তিন ইনিংসে তিনে নেমে দারুণ সফল হওয়া সাব্বির। বাংলাদেশ বাঁধ তুলতে পারলে আশা ছিল। কিন্তু মুড়ি মুড়কির দরে উইকেট পড়তেই থাকল। ওই ওভারের চতুর্থ বলে আড়াআড়ি ব্যাট চালিয়ে আউট হলেন সাকিব আল হাসানও (৪)। চারজন মিলে মাত্র ১৭ জোগান দিয়ে সাজঘরে।
পঞ্চম উইকেটে ঝোড়ো গতিতে বাংলাদেশ ৩৬ যোগ করল মূলত মাহমুদউল্লাহর সৌজন্যে। এই মাহমুদউল্লাহই শেষ ভরসা। সঙ্গে আছেন নবীন নুরুল হাসান।