মূল পর্বের কাছে আমিরাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপের মূল পর্বের স্বপ্নটা বাঁচিয়ে রাখতে কাল আরব আমিরাতের বিপক্ষে জয়টা অতি জরুরি ছিল হংকংয়ের জন্য। কিন্তু ফতুল্লায় সেই স্বপ্নটা বাঁচিয়ে রাখতে তারা পারল না। আমিরাতের কাছে ৬ উইকেটের হারে সেই স্বপ্নটা তাদের শেষই হয়ে গেছে। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে অঘটন ঘটানো এই আমিরাত আজ ওমানকে হারাতে পারলেই নিশ্চিত করে ফেলবে এশিয়া কাপের মূল পর্ব।

টস জিতে ব্যাট করতে নামা হংকং নিজেদের স্কোরটাকে খুব একটা বড় করতে পারেনি। বাবর হায়াতের ৫৪ আর মার্ক চ্যাপম্যানের ২৯ ও নিজাকাত খানের ২৮ রানের পরেও ২০ ওভারে ১৪৬ রানেই থামে হংকংয়ের ইনিংস। আমিরাতের মোহাম্মদ নাভিদ মাত্র ১৪ রানে নেন ৩ উইকেট। এ ছাড়া আমজাদ জাভেদ নিয়েছেন ২ উইকেট।

১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আমিরাত। তাদের জয়ের ভিত গড়ে দেন মোহাম্মদ শাহজাদ (৫৪) ও মোহাম্মদ উসমান (৪১)। তৃতীয় উইকেটে এই দুজনের ৭৯ রানের জুটিই মসৃণ করে দেয় আমিরাতের জয়ের পথ। এই যুগল ১০.২ ওভারে ৭.৬৪ হারে রান তুলে আমিরাতের রান তাড়ার কাজটা সহজ করে দেন। এই দুজনের পাশাপাশি শাইমান আনোয়ারের ব্যাট থেকে আসে ২৫ রান।

হংকংয়ের পক্ষে নাদিম আহমেদ, তানভীর আফজাল, মার্ক চ্যাপম্যান, আইজাজ খান—প্রত্যেকেই নিয়েছেন ১টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

হংকং: ২০ ওভারে ১৪৬/৭ (হায়াত ৫৪, চ্যাপম্যান ২৯, নিজাকাত ২৮, অংশুমান ১০; নাভিদ ৩/১৪, জাভেদ ২/২১, রাজা ১/২৮, ফারহান ১/২৯)। আরব আমিরাত: ১৮.৩ ওভারে ১৪৭/৪ (শাহজাদ ৫২, উসমান ৪১, আনোয়ার ২৫*, মুস্তাফা ১০; নাদিম ১/১৭, আফজাল ১/২০, চ্যাপম্যান ১/২৪, আইজাজ ১/৩৫)।

ফল: সংযুক্ত আরব আমিরাত ৬ উইকেটে জয়ী।