মৃত্যুকে ফাঁকি দিয়ে জীবন উপভোগ গেইলের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যুকে ফাঁকি দিয়েছিলেন ক্রিস গেইল। ছবি: সংগৃহীত।
মৃত্যুকে ফাঁকি দিয়েছিলেন ক্রিস গেইল। ছবি: সংগৃহীত।

ক্রিকেটপ্রেমী সবার কাছেই তিনি দারণ এক চরিত্র। বিনোদনের ফেরিওয়ালা—ক্রিস গেইল! নিজে জীবনটা উপভোগ করছেন, বিনোদন দিয়ে যাচ্ছেন অন্যদেরও। কিন্তু এই গেইলের জীবনেও এসেছিল দারুণ কঠিন সময়। যেটি তাঁকে টেনে নিতে পারত মৃত্যুর দিকেও। কিন্তু গেইল মৃত্যুকে ফাঁকি দিয়েই শুরু করেছেন জীবনকে উপভোগ করা। ২০০৫ সালে অস্ট্রেলিয়ায় হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচারের পর থেকেই তিনি বুঝতে পারেন জীবনের গুরুত্ব। এরপর থেকেই জীবনটাকে আরও রসিয়ে উপভোগ করা শুরু করেন ওয়েস্ট ইন্ডিয়ান এই ব্যাটসম্যান।


ওই সময় হৃদ্‌যন্ত্রে একটা ছিদ্র ধরা পড়েছিল গেইলের। কাউকে এ ব্যাপারে কিছুই বলেননি তিনি। অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচার করার পর কেবল নিজের বাবা-মাকে জানিয়েছিলেন ব্যাপারটা, ‘কেউ জানে না, আমার হৃদ্‌যন্ত্রে একটা ছিদ্র দেখা দিয়েছিল। এমনকি আমার বাবা-মাও প্রথমে সেটা জানত না। ২০০৫ সালে আমি অস্ত্রোপচার করতে বাধ্য হই। এরপরই ব্যাপারটা বাবা-মাকে জানাই।’

দিল্লিতে নিজের আত্মজীবনী ‘সিক্স মেশিন’-এর প্রচারণায় দিল্লিতে কথাগুলো যখন বলছিলেন, তখন বেশ খানিকটা আবেগপ্রবণই হয়ে গেলেন গেইল, ‘সে সময়ই আমি জীবনের গুরুত্বটা অনুধাবন করতে পারি। ওটা ছিল আমার জীবনের ধারা বদলে দেওয়ার মতোই একটা ব্যাপার। ওই সময় আমি মৃত্যুকে ফাঁকি দিলাম এবং এরপর থেকে জীবনটা পরিপূর্ণরূপে উপভোগ করা শুরু করলাম। আমি সেটা এখনো করে যাচ্ছি।’

কিছুদিন আগেই বাবা হয়েছেন। গেইলের ভাষায়, ‘আগের চেয়ে অনেক পরিণত’ তিনি এখন। পিতৃত্বই নাকি তাঁর মধ্যে এই পরিবর্তন এনে দিয়েছে, ‘পারিবারিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা বিরাট বড় চ্যালেঞ্জের ব্যাপার। তবে আমি এখন গর্ব করে বলি, দারুণ ফুটফুটে একটি মেয়ের বাবা আমি। এই অনুভূতিটা একেবারেই আলাদা।’

গেইলের আত্মজীবনীর প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান অনুরাগ ঠাকুর ও সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগও। গেইলের সঙ্গে নিজের স্মৃতি বর্ণনা করতে গিয়ে শেবাগ বলেন, ‘গেইলের সঙ্গে আড্ডার সময় আমরা ছক্কা মারার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করতাম। আমরা বোলারদের নাজেহাল করার কৌশল উদ্ভাবন করতাম, বিশেষ করে অস্ট্রেলীয় বোলারদের।’