মৃত্যুঞ্জয়ী বলেই গেইল এমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট-দুনিয়ায় ক্রিস গেইল হলেন বিনোদনের ফেরিওয়ালা। তবে মাঠের বাইরেও তিনি যেন বিনোদনের উৎস। নিজে জীবনটা উপভোগ করছেন, অন্যদেরও সুযোগ করে দিচ্ছেন উপভোগ করার। কিন্তু তাঁর জীবনেও এসেছিল কঠিন সময়। মৃত্যু তাঁর দুয়ারে কড়া নেড়েছে বেশ আয়োজন করে, কিন্তু মৃত্যুকেও ফাঁকি দিয়েছেন গেইল! ওই অভিজ্ঞতাই তাঁকে শিখিয়েছে জীবনকে উপভোগ করতে।
নিজের আত্মজীবনী সিক্স মেশিন-এর প্রচারণায় গেইল এখন ভারতে। সেখানেই ওয়েস্ট ইন্ডিজ ওপেনার জানালেন, ২০০৫ সালে অস্ট্রেলিয়ায় হৃদ্যন্ত্রে সমস্যা ধরা পড়ে তাঁর। সে সময় ওটা নিয়ে তিনি কিছুই বলেননি, ‘কেউ জানত না, এমনকি আমার বাবা-মাও না; আমার হৃদ্যন্ত্রে একটা ছিদ্র ধরা পড়ে। অস্ত্রোপচার করতে বাধ্য হই আমি, এরপরই ব্যাপারটা বাবা-মাকে জানাই।’
দিল্লিতে কথাগুলো বলার সময় আবেগই ছুঁয়ে গেল গেইলকে, ‘সে সময়ই আমি জীবনের গুরুত্বটা বুঝতে পারি। এই অস্ত্রোপচার জীবনটাই দিল পাল্টে। আমি মৃত্যুকে ফাঁকি দিলাম। তখনই সিদ্ধান্ত নিলাম, এখন থেকে জীবনটা পরিপূর্ণভাবে উপভোগ করব। সেটাই এখনো করে যাচ্ছি আমি।’
এই গেইলকেই এত দিন ক্রিকেট-বিশ্ব জানত অনেকটা খোলা বইয়ের মতো। মাঠে ও মাঠের বাইরে যেসব কাণ্ড-কীর্তি তাঁর, তাতে বই পড়ে বাড়তি আর কী জানা যেত! কিন্তু সবার ভুল ভেঙে দিলেন গেইল, ‘মাঠে ও মাঠের বাইরে আমি অনেক বিনোদন দিই। কিন্তু আমার এই বই আমার ব্যক্তিগত জীবন, আমার ছেলেবেলা, ভেতরের সংগ্রামের গল্পটা বলবে। অধিকাংশ মানুষ ক্রিস গেইলের অন্য রূপটা দেখেনি। এটি (বই) আমার ব্যাটিংয়ের মতো মজার হবে।’
গেইল এখন ‘আগের চেয়ে অনেক পরিণত’। কিছুদিন আগেই বাবা হয়েছেন। পিতৃত্বই নাকি তাঁকে বদলে দিয়েছে, ‘পারিবারিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা বিরাট চ্যালেঞ্জ। তবে আমি এখন গর্ব করে বলি, দারুণ ফুটফুটে একটি মেয়ের বাবা আমি। অনুভূতিটা একেবারেই আলাদা।’
গেইলের আত্মজীবনীর প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান অনুরাগ ঠাকুর ও সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ। শেবাগই জানালেন আরেকটি মজার তথ্য, ‘আমরা দুজন আড্ডার সময় বোলারদের নাজেহাল করার কৌশল বের করতাম। বিশেষ করে অস্ট্রেলীয় বোলাররাই আমাদের ছক্কার মূল লক্ষ্য ছিল।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।