মৃত্যুর মুখে পাকিস্তান ক্রিকেট!

টিম বাস কেবল লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামের নিকটের লিবার্টি চত্বর পার হচ্ছে। অমনি বিস্ফোরণ, গোলাগুলি, রকেট লঞ্চারের আঘাতে প্রকম্পিত চারধার। চারপাশ থেকে সাঁ সাঁ ছুটে যাচ্ছে বুলেট। এভাবে চলল প্রায় ২৫ মিনিট। কোনো থ্রিলার ছবি কিংবা রহস্য উপন্যাসের দৃশ্য নয় এটি। রোমহর্ষক, বর্বরোচিত ঘটনাটা ঘটেছিল ২০০৯ সালের ৩ মার্চ। শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর এভাবেই বন্দুক হামলা চালায় ১০-১২ জন সন্ত্রাসী।
ওই ঘটনায় নিহত হন আটজন। সৌভাগ্যক্রমে বেঁচে গেলেও আহত হন সাত লঙ্কান ক্রিকেটার। শ্রীলঙ্কা দলের ওপর অভাবনীয় ওই বর্বরোচিত ঘটনায় হতবাক হয়ে পড়ে ক্রিকেটবিশ্ব। এর পর থেকে পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত। আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি সেখানে। এ কারণে ২০১১ বিশ্বকাপের সহ-আয়োজক থেকে বাদ দেওয়া হয় পাকিস্তানকে। দিনের পর দিন দেশটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ না হওয়ায় এখন মৃত্যুর মুখে পাকিস্তান ক্রিকেট। কথাটা বললেন স্বয়ং পাকিস্তান কোচ ওয়াকার ইউনিস।
ওয়াকার বললেন, ‘বড় দুঃখের বিষয়, আমরা আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারি না। ভয়ের ব্যাপার হচ্ছে, বয়সভিত্তিক ক্রিকেটে প্রতিভার অভাবে আমাদের দেশে খেলাটারই হয়তো মৃত্যু ঘটবে। ক্রিকেটে ছোটদের আগ্রহী করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ মুহূর্তে আমাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনাটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই হবে।’
বিশ্বকাপ থেকে পাকিস্তান বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। রানের বন্যা বইয়ে যাওয়া এ বিশ্বকাপে আরব আমিরাত বাদে আর কোনো দলের বিপক্ষে ৩০০ রান পেরোতে পারেনি পাকিস্তান। নিজেদের ব্যর্থতার কারণ হিসেবে অগোছালো ঘরোয়া ক্রিকেট আর অবকাঠামোগত সমস্যার কথা বললেন ওয়াকার, ‘যদি পাকিস্তান ক্রিকেটকে বাঁচাতে হয় তবে আমাদের ঘরোয়া ক্রিকেটকে উন্নত করতে হবে। কারণ, বিশ্বকাপের মানের সঙ্গে এর বিরাট পার্থক্য। আমরা অন্য দল থেকে অনেক পিছিয়ে। দেরি করার উপায় নেই। অন্য দলের মতো আমাদেরও প্রয়োজন বিস্ফোরক ইনিংস খেলা ব্যাটসম্যান। যে কিনা ৩০০ রানের বেশি সংগ্রহ দেবে দলকে। ক্রিকেট দ্রুত বদলাচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আমাদের। যদি তা না পারি, তবে আরও পিছিয়ে পড়তে হবে আমাদের।’ তথ্যসূত্র: এএফপি।