মৃত্যুর সঙ্গে লড়ছেন ফিল হিউজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শন অ্যাবোটের বাউন্সারে ফিল হিউজের মাথায় চোট পাওয়ার সেই মুহূর্ত। জ্ঞান হারিয়ে মাঠে পড়ে যাওয়ার পর তাঁকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে l মেইল অনলাইন
শন অ্যাবোটের বাউন্সারে ফিল হিউজের মাথায় চোট পাওয়ার সেই মুহূর্ত। জ্ঞান হারিয়ে মাঠে পড়ে যাওয়ার পর তাঁকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে l মেইল অনলাইন

একটা বল, একটা বাউন্সারই সব উলট-পালট করে দিল ফিল হিউজের!
অধিনায়ক মাইকেল ক্লার্কের চোট আগামী সপ্তাহে ব্রিসবেনে ভারতের সঙ্গে প্রথম টেস্টে দলে ঢোকার ভালো সম্ভাবনাই জাগিয়েছিল হিউজের সামনে। শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে কাল নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ব্যাট হাতে যেন সেই দাবিটা আরও জোরালো করছিলেন। শন অ্যাবোটের বাউন্সারটা এল ঠিক সেই সময়ে। এই বাউন্সারে চোট পেয়ে এখন জীবন-সংশয়ে হিউজ। দলে জায়গার জন্য লড়ছিলেন, এখন লড়তে হচ্ছে মৃত্যুর সঙ্গে!
ঘটনাটা কাল স্থানীয় সময় দুপুরের। চার দিনের এ ম্যাচে ভালো করতে পারলে দলে জায়গা পাওয়ার সম্ভাবনা বেশ বেড়ে যাবে, তা হিউজের পরিবারের সদস্যরাও জানতেন। অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্ট ও ২৫ ওয়ানডে খেলা এই ওপেনারকে উৎসাহ দিতে তাই সিডনি ক্রিকেট মাঠে ছুটে এসেছিলেন তাঁর মা ও বোন। নিরাশ করেননি হিউজ, ৬৩ রানে ব্যাট করছিলেন ১৬১ বল খেলে। কিন্তু নিউ সাউথ ওয়েলসের পেসার শন অ্যাবোটের দশম ওভারের তৃতীয় বলটা ঠেকাতে গিয়েই বিপত্তি। ছাড়ার উপায় ছিল না বাউন্সারটা। শট খেলতে গিয়ে ভুল করলেন, বল লাগল তাঁর মাথার বাঁ পাশে হেলমেটের নিচে, কানের পেছনে।
আঘাত কতটা গুরুতর, তা বোঝা গেল পরের কয়েক মুহূর্তে। দুই হাতে হাঁটুতে ভর দিয়ে কয়েক সেকেন্ড নুয়ে থাকলেন হিউজ। ততক্ষণে তাঁকে সাহায্য করতে ছুটে এসেছেন অ্যাবোট, ডেভিড ওয়ার্নার, ব্র্যাড হাডিনরা। কিন্তু হিউজ লুটিয়ে পড়লেন ক্রিজে, জ্ঞানও হারালেন। স্ট্রেচার গাড়িতে করে মাঠের বাইরে নেওয়া হলো, সেখানে চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেন সাউথ অস্ট্রেলিয়া দলের চিকিৎসক। লাভ হলো না। ১৫ মিনিটের মধ্যে সিডনি ক্রিকেট মাঠে উড়ে এল হেলিকপ্টার, তিনটি অ্যাম্বুলেন্স এসে গেল। তাঁকে সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে নেওয়া হলো একটা অ্যাম্বুলেন্সে। হিউজের মা-বোন সঙ্গেই গিয়েছেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কসহ আরও অনেক ক্রিকেটার।
জরুরি অস্ত্রোপচার শেষে হিউজকে রাখা হয়েছে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে। হাসপাতালের মুখপাত্র ডেভিড ফ্যাকটর জানিয়েছেন, ‘মাথায় গুরুতর চোট পেয়েছেন হিউজ। অবস্থা এখনো সংকটাপন্ন।’ সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেটের মুখপাত্র টিম নিয়েলসেন পরে একটা আবেদন রাখলেন সবার কাছে, ‘অস্ত্রোপচারের ফলাফল ২৪ থেকে ৪৮ ঘণ্টার আগে বলা যাবে না। এই সময়ের মধ্যে আমরা সবাইকে অনুরোধ করব হিউজের পরিবারের সঙ্গে থাকতে, তাঁদের ব্যক্তিগত জীবনকে সম্মান জানানোর জন্য।’ ধারণা করা হচ্ছে, আপাতত কোমায় চলে গেছেন হিউজ।
ম্যাচটা বন্ধ রাখা হয়েছিল হিউজকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময়ই। তাঁর সম্মানে পরে ওই ম্যাচ বাতিলও করা হয়। আকস্মিক এই দুঃসংবাদে যেন বজ্রাহত ক্রিকেট বিশ্ব। শুধু ক্রিকেট অস্ট্রেলিয়া নয়, হিউজের দুর্ঘটনা বিমূঢ় করে দিয়েছে সবাইকে। সেন্ট ভিনসেন্ট হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়তে থাকা হিউজের দ্রুত আরোগ্য কামনা করে শুভকামনা আসছে সারা পৃথিবী থেকে। সবার একটাই কথা—সেরে উঠুন হিউজ। ক্রিকেটারকে বিছানায় শুয়ে থাকা মানায় না। এএফপি, সিডনি মর্নিং হেরাল্ড।
হিউজের জন্য
আমরা তোমাকে নিয়ে উদ্বিগ্ন হিউজ। দ্রুত সেরে ওঠ, প্রার্থনা থাকল।
শেন ওয়ার্ন
সে দারুণ যোদ্ধা। লড়বে এবং ফিরে আসবে।
ড্যারেন লেম্যান
সবার সঙ্গে আমিও যোগ দিচ্ছি হিউজের জন্য প্রার্থনায়।
সঞ্জয় মাঞ্জরেকার
লড়াই চালিয়ে যাও বন্ধু। এই দুঃসময়ে পৃথিবীর সব শক্তি থাকুক তোমার ও তোমার পরিবারের সঙ্গে।
বিরাট কোহলি
লড়তে থাক বন্ধু, যেভাবে তুমি সব সময় লড়াই করেছ।
এবি ডি ভিলিয়ার্স
শুভকামনা বন্ধু, তুমি সেরে উঠবেই।
মাহেলা জয়াবর্ধনে
ঘুম থেকে উঠেই ভয়াবহ সংবাদটা পেলাম। ওর পরিবারের জন্য খুব খারাপ লাগছে।
মাইকেল ভন