শেষযাত্রায় সঙ্গী দেশের হয়ে না খেলার আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের অন্যতম বাঁহাতি স্পিনার, অথচ কখনোই জাতীয় ক্রিকেট দলে সুযোগ পাননি। ছবি: টুইটার
ভারতের অন্যতম বাঁহাতি স্পিনার, অথচ কখনোই জাতীয় ক্রিকেট দলে সুযোগ পাননি। ছবি: টুইটার

ভারতের ঘরোয়া ক্রিকেটে ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। খেলেছেন ৮টি লিস্ট ‘এ’ ম্যাচ। বাঁহাতি স্পিনার রাজিন্দর গোয়েল প্রথম শ্রেণির ক্রিকেটে পেয়েছেন ৭৫০টি উইকেট। ১৯৫৭–৫৮ মৌসুমে শুরু করে দীর্ঘ ২৭ বছর খেলেছেন ঘরোয়া ক্রিকেটে, কিন্তু কোনো দিনই ভারতীয় দলে সুযোগ পাননি। দেশের হয়ে না খেলতে পারার আক্ষেপ সঙ্গী করেই ৭৮ বছর বয়সে পরলোকগমন করেছেন তিনি। অথচ তাঁকে সব সময়ই ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার মনে করা হয়।

প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে ৬৩৭ উইকেট পেয়েছেন—এটি এখনো ভারতে রেকর্ড। দেশের হয়ে খেলার সম্ভাবনা সব সময়ই ছিল। কিন্তু নিজের সেরা সময়টাতে বেদি–প্রসন্ন–চন্দ্রশেখরদের রমরমায় সেটি কখনোই হয়নি।

১৯৭৪–৭৫ মৌসুমে ক্লাইভ লয়েডের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ভারত সফর করেছিল। সেবার ভারতের হয়ে খেলার খুব কাছে পৌঁছেছিলেন তিনি। বিষেণ সিং বেদির অসুস্থতার কারণে দলে জায়গা পেয়েছিলেন। কিন্তু প্রথম একাদশে সুযোগ মেলেনি তাঁর।

১৯৪২ সালে হরিয়ানায় জন্ম নিয়েছিলেন রাজিন্দর। কপিল দেবের আবির্ভাবের আগে তাঁকেই হরিয়ানার সবচেয়ে নাম করা ক্রিকেটার বলা হয়। জাতীয় দলে না খেললেও ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের স্বীকৃতি তিনি পেয়েছিলেন ২০১৭ সালে সিকে নাইডু পুরস্কার হাতে নিয়ে।