মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল কৃষ্ণাঙ্গ ক্রিকেটারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুমকি উপেক্ষা করেই খেলেছেন ফ্রেইটাস। ছবি: টুইটার
হুমকি উপেক্ষা করেই খেলেছেন ফ্রেইটাস। ছবি: টুইটার

'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এ নিয়ে ক্রিকেটাররা মুখ খুলছেন। আইপিএলেও বর্ণবাদের স্বীকার হওয়ার কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। এত দিন পর নিজের কষ্টের কথা জানালেন ফিলিপ ডি ফ্রেইটাসও। ইংল্যান্ড দলে ডাক পাওয়ায় নাকি মৃত্যুর হুমকিও পেয়েছিলেন এই ইংলিশ পেসার!

ইংল্যান্ডের হয়ে ১৪০ টেস্ট ও ১১৫ ওয়ানডে উইকেট পেয়েছেন ডি ফ্রেইটাস। কিন্তু ক্যারিয়ারটা আরও লম্বা না হওয়ার আক্ষেপ আছে তাঁর। নিয়মিত মৃত্যুর হুমকি পাওয়ায় নাকি আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দিতে পারেননি ডি ফ্রেইটাস। স্কাই স্পোর্টসের পডকাস্টে বলেছেন, 'আমি ন্যাশনাল ফ্রন্টের (যুক্তরাজ্যের সবচেয়ে বড় ফ্যাসিস্ট দল) কাছ থেকে ঘৃণাভরা চিঠি পেয়েছি। বেশ কয়েকবার পেয়েছি, সেখানে লেখা থাকত, “যদি ইংল্যান্ডের হয়ে খেল, তোমাকে গুলি করব আমরা।”'

নিজের জীবন নিয়ে শঙ্কা থাকায় নিরাপত্তা বাহিনীর সাহায্য নিয়েছিলেন ফ্রেইটাস, কিন্তু তাতেও স্বস্তি পাননি, 'আমার ঘরের পাহারায় পুলিশ নিয়োজিত ছিল। আমার নামে একটা গাড়ি ছিল, আমি সে নামটাও মুছে দিয়েছিলাম। লন্ডনে সে গাড়ি চালানোর চিন্তাও করতে পারিনি। লর্ডসে টেস্ট খেলার জন্য হোটেলে আছি এমন অবস্থায়ও আমার মাথায় চিন্তা , “খেলব কি খেলব না? যদি স্নাইপার থাকে মাঠের আশপাশে? এ মানুষগুলো আমাকে হারাতে পারবে না এই প্রতিজ্ঞাই আমাকে ইংল্যান্ডের হয়ে খেলতে দিয়েছে।”'

১৯৮৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ইংল্যান্ড দলের অংশ থাকা ডি ফ্রেইটাস জানালেন, কখনো কারও সাহায্য পাননি, সব একাই সামলাতে হয়েছিল। ৩১ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পেছনেও এর ভূমিকা আছে, 'কোনো সাহায্য পাইনি, কেউ সমর্থন দেয়নি। সব একাই সামলাতে হয়েছে। এখনো এতে মনে কষ্ট পাই। আমার মনে আছে বাড়ি ফিরে মাকে বলেছিলাম, “আমাকে এখানে মানায় না কিন্তু যা অর্জন করেছি, তাতে আমি গর্বিত।”'