হত্যার হুমকি দেওয়া হয়েছিল পাকিস্তানের নিষিদ্ধ ক্রিকেটারকে!

পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের নিষেধাজ্ঞা জুটেছে খালিদ লতিফের। এই ওপেনার অবশ্য এখনো দায় স্বীকার করতে রাজি নন। বরং খালিদের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
গত পিএসএলের প্রথম সপ্তাহেই পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছিল খালিদকে। এরপর দীর্ঘ আইনি লড়াইয়ে নেমেছিলেন এই ক্রিকেটার ও তাঁর আইনজীবী বদর আলম। কিন্তু শেষরক্ষা হয়নি। গত সপ্তাহে তথ্য গোপন ও স্পট ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে এই ওপেনারকে। তবে বদর আলমের দাবি, মামলা চলাকালীন খালিদকে হুমকি দেওয়া হয়েছিল। যেন কোনো ঝামেলা ছাড়াই স্পট ফিক্সিংয়ের দায় স্বীকার করে নেন এই ক্রিকেটার। আলম জানান, ‘জুনের তৃতীয় সপ্তাহে একটি গোপন নম্বর থেকে ফোন পেয়েছিল খালিদ। অপরিচিত সেই ব্যক্তি ওকে বলেছিলেন, “যদি স্পট ফিক্সিংয়ের মামলা নিয়ে ঝামেলা করে কিংবা বাধা দেওয়ার চেষ্টা করে তবে করাচিতে ওর বাবা-মার কবরে জায়গা হবে খালিদের।’”
আলম আরও দাবি করেছেন, ফোন পাওয়ার পরই তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন খালিদ। কিন্তু অন্য কাউকে জানাতে নিষেধও করেছিলেন তাঁর মক্কেল। এমন ‘বোমা’ এত দিন চেপে রাখার পেছনে একেই যুক্তি হিসেবে দাঁড় করাচ্ছেন আলম, ‘এ কারণেই আমি কিছু বলিনি (মামলা চলার সময়ে?। কিন্তু এখন খালিদকে নিষিদ্ধ করা হয়েছে, যা করেননি এমন অপরাধে শাস্তি দেওয়া হয়েছে। আমি ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিকে বিষয়টি জানিয়েছি। কারণ, খালিদ ও তাঁর পরিবারকে এখন বাড়তি নিরাপত্তা দিতে হবে।’
স্পট ফিক্সিংয়ের অভিযোগে ইসলামাবাদ ইউনাইটেডের আরেক ওপেনার শারজিল খানের ৫ বছরের নিষেধাজ্ঞা জুটেছে। আলমের দাবি, এ দুজনই ষড়যন্ত্রের শিকার, ‘আমার মনে হচ্ছে, খালিদ ও শারজিলকে পরিষ্কার একটা বার্তা দিয়েছে এই সিন্ডিকেট। তারা জানিয়ে দিল, যদি তাদের কথা না শোনা হয়, তবে ক্রিকেট খেলতে দেওয়া হবে না।’ (সূত্র:পিটিআই)