প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় দুই যুগ ব্যাট হাতে বোলারদের শাসন করেছেন দোর্দণ্ডপ্রতাপে। শচীন টেন্ডুলকারের সেই হাতে এখন গাড়ির নাটবল্টু ঠিক করার প্লায়ার্স! তাহলে কি গাড়ির মেকানিক হিসেবে নতুন কাজ বেছে নিলেন ব্যাটিং জিনিয়াস? আসলে কাজটা করেছেন শখে। বিখ্যাত জার্মান গাড়ি বিএমডব্লু তৈরির কারখানা পরিদর্শনে গিয়েছিলেন চেন্নাইয়ে। সেখানেই হঠাৎ প্রকৌশলীদের সঙ্গে নিজেও লেগে যান কাজে! ইঞ্জিন সারালেন, নাটবল্টু আঁটসাঁট করলেন। দেখে কে বলবে না, টেন্ডুলকার বিএমডব্লুর মেকানিক! শুধু তা-ই নয়, চেন্নাই কারখানার ব্যবস্থাপনা পরিচালক যখন জিজ্ঞেস করলেন, বিএমডব্লু ৫ সিরিজের একটা গাড়িতে কতটি যন্ত্রাংশ থাকে, টেন্ডুলকারের ঠিকঠাক জবাব—২৮০০টি। ভারতে এই বিলাসবহুল গাড়ির বিক্রি বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সেটিরই অংশ হলেন টেন্ডুলকার। আইএএনএস।