মেঘে ঢাকা দিগন্তে এখনো আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্টে প্রথম হাফ সেঞ্চুরির উদ্‌যাপন লিটন কুমার দাসের। আউট হয়ে গেছেন অবশ্য এর পরপরই l শামসুল হক
টেস্টে প্রথম হাফ সেঞ্চুরির উদ্‌যাপন লিটন কুমার দাসের। আউট হয়ে গেছেন অবশ্য এর পরপরই l শামসুল হক

ফাস্ট বোলাররা যতই আগুন ঝরান কিংবা স্পিনাররা হাতের মোচড়ে সম্মোহনের জাল বিছান, বোলাররা তেমন আকর্ষক নন। বোলিং দেখার বেলায় আম-দর্শকের ‘নটার ট্রেন কটায় ছাড়ে’ আগ্রহ। এখানে নিম্নবর্গীয় টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটের সঙ্গে কুলীন কুলের টেস্টও এক। ব্যাটিংই সবাই দেখতে চায়। ক্রিকেটের বসুন্ধরা আসলে ব্যাটিংভোগ্যা। সত্যি করে বললে স্বদলীয় ব্যাটিং। মেলবোর্ন, লর্ডস, ওভাল ইত্যাদি ক্রিকেট তীর্থকে আলাদা ব্র্যাকেটে রাখুন। ক্রিকেট মানচিত্রের বাকি জায়গাগুলোতে ছবিটা আগেও বদলায়নি, হয়তো বদলাবেও না। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম কোন ছার!
বাংলাদেশ ব্যাটিংয়ে নামতেই আগের দিন শূন্য গ্যালারিগুলোকে একটু প্রাণ ফিরে পেতে দেখা গিয়েছিল। কাল মেঘ-বৃষ্টির হুমকি মাথায় নিয়েও দর্শকস্রোতটা বেশ ভালোই চোখেই পড়ল। উইকেটে যে ছিলেন দলের ব্যাটিং মেরুদণ্ড মুশফিকুর রহিম আর সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। কিন্তু মধ্যাহ্নবিরতির আট ওভার পরই সেখানে স্তব্ধতার ‘আয়োজন’। সেটি সারা হলো সাকিবের ব্যাটেই। অফ স্পিনার সাইমন হার্মারের একটি সোজা দ্রুতগতির শর্ট বলকে পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে তুলে দিলেন জেপি ডুমিনির হাতে। সাকিব তখন নিজের ২০তম টেস্ট অর্ধশতক থেকে মাত্র ৩ রান দূরে। সেটি বড় কথা নয়, দর্শক নির্বাক তাঁর আউট হওয়ার ধরন দেখে। ওই ওভারেরই দুই বল আগে একইভাবে প্রায় একই জায়গায় ক্যাচ তুলেও পার পেয়ে গেছেন ডুমিনি ঠিকমতো বলের কাছে যেতে পারেননি বলে।
লাঞ্চের পর সেটি মাত্র অষ্টম ওভার। সাকিবের সঙ্গে লিটন দাসের ৮২ রানের ষষ্ঠ উইকেট জুটিতে কী সুন্দরই দেখাচ্ছিল তখন স্কোরবোর্ডটাকে—৫ উইকেটে ২৭৭। লিড ২৯ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম আর সব মিলিয়ে দ্বিতীয়বারের মতো লিডটাকে যথাসম্ভব বড় করার স্বপ্নই ওই সময় সবার মনে জাল বুনছিল। এর আগে মুশফিক ফিরেছেন ডিআরএসের বিচারে ডেল স্টেইনের ৩৯৭তম শিকার হয়ে। কিন্তু সেই হতাশাকে আত্মবিশ্বাসের দুর্দান্ত ঝলকেই তো এই জুটি উড়িয়ে দিয়েছেন!

>তৃতীয় দিনের শেষে: দক্ষিণ আফ্রিকা: ২৪৮ ও ৬১/০; বাংলাদেশ ১ম ইনিংস: ৩২৬

ক্যাচটির নিচে ডুমিনিকে দৌড়ে আসতে দেখে সাকিব জায়গা থেকেই নড়েননি। বুঝে গিয়েছিলেন, নিজের গলায় ফাঁসটা নিজেই লাগিয়ে দিয়েছেন। উইকেট থেকে ড্রেসিংরুমে ফেরার পথে সাকিবকে দেখে মনে হলো যেন পাড়ি দিচ্ছেন অন্তবিহীন পথ। দর্শকদের নিস্তব্ধতার অব্যক্ত ভাষাও তখন বলল, স্বপ্নের সজীব পাপড়িগুলোর বেশির ভাগই ঝরে পড়েছে।
কিছু পাপড়ি যে এখনো অঝরা, সেই কৃতিত্ব লিটন ও মোহাম্মদ শহীদের। লিটন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসেই করে ফেলেছেন ফিফটি। সেটিও কী দারুণভাবে! ৭টি চারের মধ্যে দিনেরই অন্যতম সেরা শটে স্টেইনকে স্ট্রেট ড্রাইভে চার মেরে লিড এনে দিয়েছেন বাংলাদেশকে। ঠিক ৫০ রানে ফিরে গেছেন ওই হার্মারের একটি বাড়তি বাউন্সের টার্নারে উইকেটকিপারের অসাধারণ এক ক্যাচ হয়ে। তবে আউট হয়ে ফেরার আগে ২০ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান বুঝিয়ে দিতে পেরেছেন, টেস্ট ক্রিকেটে তিনি থাকতেই এসেছেন। লিটনের সঙ্গে শহীদের ৩৪ রানের জুটিটি লিড নিয়ে গেছে পঞ্চাশের ওপারে। শহীদ খেলেছেন গ্যালারি উন্মাতাল করে দেওয়া এক ইনিংস। ভারনন ফিল্যান্ডারের বলে ফন জিলের দুর্দান্ত এক ক্যাচ হওয়ার আগে ১৯ বলে ২৫ রানের ইনিংসটিতে ছিল চারটি চার ও এক ছক্কা। হার্মারের এক ওভারেই টানা দুটিসহ তিন চার ও এক ছক্কায় নিয়েছেন ১৮ রান!
শহীদ ও লিটনের পর লেজ থেকে মাত্রই ৭ রান পেয়েছে বাংলাদেশ। শেষ দুটি উইকেট নিয়ে চার শ থেকে মাত্র এক উইকেট দূরে এসে দাঁড়িয়েছেন স্টেইন। হেডব্যান্ড পরে একটু ডেনিস লিলিসুলভ দর্শনে আবির্ভূত হয়েও সময়ের সেরা ফাস্ট বোলারের চার শর অপেক্ষাটা অন্তত আরও একটা ইনিংস বেড়ে গেছে।
বাংলাদেশ অবশ্য কাল অপেক্ষায় ছিল লিডটাকে অনেক দূর টেনে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে আরও চাপে ফেলতে, মাহমুদউল্লাহ আগের দিনটিতে যেমন ইনিংসের গন্তব্য বেঁধে দিয়েছিলেন চার শ রানে। সাকিব যদি অমনভাবে আউট না হতেন, বা ৪৯ রানে না পড়ত শেষ পাঁচটি উইকেট, লক্ষ্যের কাছাকাছি যাওয়াই যেত। তারপরও ৭৮ রানের লিড কম নয়!
টেস্টের তৃতীয় দিনের শেষে বাংলাদেশ কোন জায়গায় দাঁড়িয়ে? লিটনের দৃষ্টিতে ম্যাচ এখনো ঝুঁকে আছে নিজেদের দিকে। যদিও দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারই লিডটা মুছে ফেলার জোগাড়যন্তর করে ফেলেছেন। খেয়ালি বৃষ্টি ২৪.৫ ওভার আগেই দিনের খেলার শেষ টানার আগে রান বিনা উইকেটে ৬১।
আজই ম্যাচের ভাগ্য নির্ধারণী দিন। বাংলাদেশ জানে, প্রোটিয়ারা নিজেদের গৌরবে কালির ছিটে পড়ুক, তা চাইতে পারে না। পারে না বলেই তারা সবাই খেলতে চাইবে একেকটা ‘জীবনের ইনিংস’। তারপরও লিটন যেমনটি বললেন, মুস্তাফিজ-জুবায়ের-সাকিব-তাইজুলরা ভালো বল করলে ওদের বেঁধে ফেলা যাবে ১৫০-২০০ রানের সীমাতেই। আর তাহলেই...। ....পরের ভাবনাটি বাংলাদেশের ষোলো কোটি হৃদয়ে জাগিয়ে তুলছে রোমাঞ্চ।