মেদ ঝরাও, লঙ্কান ক্রিকেটারদের মন্ত্রীর হুঁশিয়ারি

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী তো দিয়েই দিয়েছেন নিজের রায়। চ্যাম্পিয়নস ট্রফিতে দল সেমিফাইনালে উঠতে না পারার পর তাঁর মনে হয়েছে, জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করার জন্য শারীরিকভাবে উপযুক্ত নন। এ নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকেরা নিজেই ব্যাপারটি দেখভাল করছেন। ম্যাথুসদের হুমকি দেওয়া হয়েছে, তিন মাসের মধ্যে ফিটনেসে উন্নতি না করতে পারলে বাদ পড়তে হবে জাতীয় দল থেকে।
জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে শুক্রবার থেকে। জাতীয় দলের নির্বাচকেরা দল নির্বাচন করলেও শ্রীলঙ্কায় সেই নির্বাচিত দলের চূড়ান্ত অনুমোদন দেন ক্রীড়ামন্ত্রী। জিম্বাবুয়ে সিরিজে শ্রীলঙ্কান দলে যে ১৩ জন ক্রিকেটার নির্বাচিত হয়েছেন, তাঁদের বেশির ভাগের ফিটনেসের অবস্থা নাকি সন্তোষজনক নয়। জয়াসেকারা বিরক্তির সঙ্গেই বলেছেন, ‘এবারের মতো ফিটনেসের ব্যাপারে ছাড় দিলাম। ভবিষ্যতে এটির উন্নতি করতেই হবে।’
বার্তা সংস্থা এএফপি শ্রীলঙ্কা ক্রিকেটের বিশেষ সূত্রের বরাত দিয়ে লিখেছে, লঙ্কান ক্রিকেটাররা প্রায় সবাই শারীরিক সহ্যক্ষমতা পরীক্ষায় সন্তোষজনক নম্বর পাননি। কেবল দুষ্মন্ত চামিরা আর লাহিরু মাদুষ্কানা এই পরীক্ষায় প্রত্যাশিত নম্বর অর্জন করতে পেরেছেন।
মালিঙ্গা নিজেও ফিটনেসের একটি পরীক্ষায় পাস করতে পারেননি। শ্রীলঙ্কা ক্রিকেটের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেছে, ‘মালিঙ্গার ওজন ৮০ কেজি। সে খুব বেশি চোটগ্রস্ত হয় কেবল ফিটনেসের মান ভালো না থাকার কারণে।’