‘একাই টেনে নিলেন দলকে।’ ক্রিকেটে বহুল ব্যবহৃত এক বাক্য। কিন্তু আক্ষরিক অর্থেই বাক্যটির প্রয়োগ দেখালেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিস। দলের টপ অর্ডারের আত্মসমর্পণের দিনে দুর্দান্ত এক ইনিংস খেলে পাল্লেকেলে টেস্টে শ্রীলঙ্কাকে চালকের আসনে বসিয়েছেন তিনি। ৬ উইকেটে ২৮২ রানে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার চেয়ে তারা এগিয়ে গেছে ১৯৬ রানে।
দিনের খেলা শেষে একটু জিরিয়ে নিয়েই টুইট করেছেন মেন্ডিস, ‘ছোটবেলার স্বপ্ন সত্যি হলো।’ পরিষ্কার করে অবশ্য বলেননি, স্বপ্নটা ঠিক কী ছিল। কীর্তি তো আর একটি নয়! ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, সেটিও আবার রেকর্ড গড়ে। দিন শেষে অপরাজিত ছিলেন ১৬৯ রানে, শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বাগতিক দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান এটি। ১৯৯২ সালে কলম্বো টেস্টে ১৩৭ রানের ইনিংসে রেকর্ডটি ছিল অশঙ্কা গুরুসিনহার।
৬ রানেই ২ উইকেট নেই—তৃতীয় দিনের প্রথম ওভারেই নামতে হয়েছিল মেন্ডিসকে। ৪৫ রানে পড়ে তৃতীয় উইকেট। কিন্তু মেন্ডিসের ব্যাটিং দেখে তা বোঝার উপায় ছিল না। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দিশেহারা অস্ট্রেলিয়ান বোলিং। নাথান লায়নকে ছক্কা মেরে যখন সেঞ্চুরি করলেন, শ্রীলঙ্কার স্কোর তখনো ১৪০/৪!
এদিকে নাথান লায়নও অনেকটা নীরবেই একটি রেকর্ড গড়ে ফেলেছেন। ধনঞ্জয় ডি সিলভাকে আউট করে উপমহাদেশের বাইরে মাত্র তৃতীয় অফ স্পিনার হিসেবে টেস্টে ২০০ উইকেট পেয়েছেন তিনি। কিন্তু মেন্ডিসের দিনে এ নিয়ে কে আর বেশি ভাবছে! সূত্র: টেন ক্রিকেট।