মেরুদণ্ডহীন আইসিসি!
শান্তির দূত হতে চেয়ে এ কী বিপদে পড়ল আইসিসি! স্টিভেন স্মিথের ডিআরএস-কাণ্ড নিয়ে উত্তপ্ত হয়ে আছে অস্ট্রেলিয়া-ভারত দুই পক্ষই। আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক সংস্থা চেষ্টা করছে পরিস্থিতি যাতে আর ঘোলাটে না হয়। পরশু ঘোষণা দিয়েছে ‘যুধ্যমান’ দুই অধিনায়ক স্মিথ-কোহলি কাউকেই শাস্তি পেতে হবে না। বিপদ হয়েছে তাতেই।
অস্ট্রেলিয়া-ভারত দুই পক্ষই এখন আইসিসিকে মেরুদণ্ডহীন বলে গালি দিচ্ছে। অস্ট্রেলিয়ার একটি পত্রিকা সরাসরিই আইসিসিকে ‘মেরুদণ্ডহীন’ বলেছে। বেশি খেপেছে ভারতীয়রাই। ‘দোষ করেছে স্মিথ, তাহলে কোহলির শাস্তির কথা আসছে কেন’—ভারতীয়দের প্রশ্ন এটাই। সাবেক উইকেটকিপার ও নির্বাচক সাবা করিম আইসিসির বিবৃতিকে উদ্ভট বলেছেন, ‘আইসিসির লোকজন বিরাট কোহলিকে নিয়ে কথা বলে কীভাবে! সে তো শুধু আম্পায়ারদের জানিয়েছে এ ঘটনা তখনই প্রথম ঘটেনি।’
সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কারও বিরক্ত আইসিসির ওপর। প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রান করা গাভাস্কার দেখতে চাচ্ছেন ভারতীয়রাও ‘স্মিথ-কাণ্ড’ করলে আইসিসি কী করে, ‘আজ বা কাল হোক ভারতীয়রাও যদি এমনটা করে, আইসিসি কি তাদেরও ছেড়ে দেবে?’
স্মিথকে ড্রেসিংরুমের দিকে তাকাতে দেখে ভারতীয়দের মতো নাকি বিস্মিত হয়েছিল অস্ট্রেলীয়রাও। দলের সহকারী কোচ ডেভিড স্যাকার জানাচ্ছেন ওই মুহূর্তের অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের কথা, ‘আমরা অন্য যে কারও চেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়েছিলাম, কারণ এমনটা আগে কখনো দেখেনি।’
তবে এটাকে প্রতারণা বলতে নারাজ স্যাকার। এএফপি।