মেলবোর্ন টেস্টের পর লেম্যান-রিক্সন 'ঝগড়া!'

স্টিভ রিক্সনের সঙ্গে ড্যারেন লেম্যানের সমস্যাটা পুরোনোই—সেই ২০১৪ থেকে। অস্ট্রেলীয় ক্রিকেট দলের কোচ লেম্যান সেবার রিক্সনকে নিজের সহকারীর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। সময়ের পরিক্রমায় রিক্সন এখন পাকিস্তানের ফিল্ডিং কোচ। এমনিতেই তো পাকিস্তান কোচ মিকি আর্থারকে নিয়ে চাপা একটা উত্তেজনা আছে অস্ট্রেলীয় শিবিরে। রিক্সন সে উত্তেজনাকে উসকে দিলেন বেশ ভালোভাবেই।
দক্ষিণ আফ্রিকান আর্থার ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক কোচ। ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর তাঁকে বরখাস্ত করা হয়, লেম্যান অস্ট্রেলিয়ার কোচ তখন থেকেই। এবার পাকিস্তানের কোচ হিসেবে আর্থারের অস্ট্রেলিয়া সফর কথার লড়াইয়ের শঙ্কা জাগিয়েছিল। কিন্তু উল্টো ঝগড়াঝাঁটিতে নেমে গেলেন রিক্সন!
ব্রিসবেন টেস্টে পাকিস্তানের লড়াই থামিয়ে জিততে হয়েছিল অস্ট্রেলীয়দের। সে ম্যাচে অধিনায়ক স্টিভেন স্মিথের ফিল্ডিং সাজানো নিয়ে সমালোচনা তৈরি হয়েছিল। রিক্সন ব্রিসবেন টেস্ট সম্পর্কে অস্ট্রেলীয়দের একটু ঠেস দিয়ে কথা বলেছিলেন। তিনি নাকি ব্রিসবেন টেস্টের শেষ বিকেলে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমকে খুব উদ্বিগ্ন অবস্থায় দেখেছিলেন।
ফিল্ডিং সাজানো নিয়ে রিক্সন অবশ্য স্মিথের পক্ষেই দাঁড়িয়েছিলেন বলেছিলেন, ‘আমার মনে হয় ওর এখানে দোষ নেই। স্মিথকে নিয়ন্ত্রণ করা হয়েছে অন্য জায়গা থেকে।’ এই ‘অন্য জায়গা’ যে লেম্যান, সেটি বুঝতে কারও বাকি ছিল না।
লেম্যান চুপ করেই ছিলেন। মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে চার শর বেশি করে শেষ দিনে পাকিস্তানের ইনিংস ব্যবধানে হারের পর মুখ খুলেছেন লেম্যান। অভিযোগ তুলেছেন, রিক্সন নাকি এতটাই অখেলোয়াড়সুলভ, অস্ট্রেলীয় দলের খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে হাত পর্যন্ত মেলাননি। রিক্সনকে কটাক্ষ করে বলেছেন, ‘আমার মনে হয় রিক্সনের উচিত নিজ দলের ফিল্ডিং ও ক্যাচিং সমস্যার দিকে মনোনিবেশ করা।’ মেলবোর্ন টেস্টে পাকিস্তানের ফিল্ডিং ছিল খুব বাজে।
লেম্যান অবশ্য রিক্সনের মন্তব্য নিয়ে সরাসরি কিছু বলেননি, ‘কিছু মন্তব্য আছে, সেগুলো সম্পর্কে বলার কিছুই থাকে না। তবে এটা ঠিক, তাঁর আমাদের ওপর খেপে থাকার যথেষ্ট কারণ আছে। এটা অবশ্য তাঁর অধিকারের পর্যায়েই পড়ে। তবে আমি সত্যি সত্যিই তাঁর দলের ক্যাচিং নিয়ে চিন্তিত।’
রিক্সন অবশ্য লেম্যানের অভিযোগ অস্বীকারই করেছেন। বলেছেন, ‘লেম্যানের অভিযোগ সত্য না। অস্ট্রেলীয় ক্রিকেটারদের জিজ্ঞেস করুন। আমি সবার সঙ্গে হাত মিলিয়েছি। লেম্যানের সঙ্গে মেলাতে পারিনি। কারণ, তখন সে অন্য কিছুতে ব্যস্ত ছিল। তবে এর সঙ্গে অন্য কিছু মিলিয়ে ফেলাটা উচিত নয়।’
নিউ সাউথ ওয়েলস ও নিউজিল্যান্ডের সাবেক কোচ রিক্সনের বছর পাঁচেক আগে অস্ট্রেলীয় দলের প্রধান কোচ হওয়ার কথা ছিল। ২০১১ সালে টিম নিলসেনের পর এই পদে তিনিই ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্যতম পছন্দ। তবে শেষ পর্যন্ত কোচের পদে বসতে পারেননি। নিলসেনের স্থলাভিষিক্ত হন প্রোটিয়া মিকি আর্থার। তবে অস্ট্রেলীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে তিনি কাজ করেছেন। ২০১৪ সালে ড্যারেন লেম্যানের একটি সিদ্ধান্তে তিনি ফিল্ডিং কোচের চাকরি হারান। সূত্র: স্টাফ এনজেড।