মেলবোর্নের শুরুতেই অস্ট্রেলীয় আধিপত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলবোর্ন টেস্টের প্রথম দিনের দৃশ্যপটটা ছিল এমনই। ছবি: এএফপি।
মেলবোর্ন টেস্টের প্রথম দিনের দৃশ্যপটটা ছিল এমনই। ছবি: এএফপি।

হোবার্ট টেস্টে আড়াই দিনে হারের লজ্জা মাথায় নেওয়ার পর মেলবোর্নের বক্সিং ডে টেস্টেও নিজেদের ভাগ্যে খুব একটা পরিবর্তন আনতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠানো ক্যারিবীয়রা এখন প্রহর গুনছে আরও একবার রান পাহাড়ে চাপা পড়ার। মেলবোর্ন টেস্টের প্রথম দিনেই উসমান খাজা আর জো ব্যাটে বিশাল সংগ্রহের ক্ষেত্রটা প্রস্তুত করে ফেলেছে অস্ট্রেলিয়া।

সাম্প্রতিক ফর্মটা দুর্দান্ত যাচ্ছে উসমান খাজার। নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থ ও ব্রিসবেনে দুটো বড় সেঞ্চুরির পর আজ মেলবোর্নেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেকে চেনালেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। তাঁর ১৪৪ রানের ইনিংসের পাশাপাশি উদ্বোধনী ব্যাটসম্যান জো বার্নসের ১২৮—দ্বিতীয় উইকেটে এই দুজনের ২৫৮ রানের যুগলবন্দীতেই দিন শেষে ৩৪৫ রানের মজবুত সংগ্রহ অস্ট্রেলিয়ার।

টসে জিতে ফিল্ডিং নেওয়া ওয়েস্ট ইন্ডিজের শুরুটা কিন্তু ছিল বেশ আশা-জাগানিয়াই। মাত্র ২৯ রানের মাথায় ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছিল তারা। কিন্তু জো বার্নসের সঙ্গে উসমান খাজা যোগ দিতেই সেই স্বপ্ন মিশে গেছে হাওয়াতেই। সঙ্গে ক্যারিবীয়দের বাজে ফিল্ডিংও অস্ট্রেলিয়ার বড় সংগ্রহে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

খাজার বছরের তৃতীয় টেস্ট সেঞ্চুরিটি এসেছে ২২৭ বল মোকাবিলায়। ৬ চার ও একটি ছয়ে সাজানো এই ইনিংসে খাজার স্থিতধী মানসিকতার সামনে অসহায়ই লেগেছে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের। তুলনায় বার্নসের ইনিংসটি ছিল কিছুটা মারকুটে। তিনি তাঁর ইনিংসটি সাজিয়েছেন ১৬টি চারের সাহায্যে।

ক্যারিবীয় বোলারদের মধ্যে জেরম টেলরই যা একটু ক্ষত সৃষ্টি করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে। তাঁর বলেই তুলে মারতে গিয়ে ২৩ রানে বিদায় নেন ওয়ার্নার। ধরা পড়েন মারলন স্যামুয়েলসের হাতে। খাজাকেও উইকেটের পেছনে দিনেশ রামদিনের ক্যাচে পরিণত করেন তিনি। বার্নসকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন ক্রেইগ ব্রাফেট।

দিন শেষে ৩২ রানে অপরাজিত আছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। তাঁর সঙ্গী হয়ে আছেন অ্যাডাম ভোজেস। সূত্র: এএফপি।