মেলবোর্নে অপরিবর্তিত অস্ট্রেলিয়া
হিলটন কার্টরাইটকে দলে ডেকে আনা হয়েছিল জরুরি নোটিশে। মেলবোর্ন টেস্টের অস্ট্রেলিয়া দলে পরিবর্তন আসতে পারে—এ চিন্তায় তাই দোষ ছিল না। কিন্তু কাল সবাইকে ভুল প্রমাণ করলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ। সিরিজের দ্বিতীয় ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি স্বাগতিক দল। ব্রিসবেনে ৩৯ রানে জেতা দলটির ওপরই আস্থা রাখা হয়েছে। ক্যারিয়ারের প্রথম তিন ইনিংসে ৫ রান করা নিক ম্যাডিনসন তাই আরেকবার সুযোগ পাচ্ছেন নিজেকে প্রমাণ করার। স্মিথ মনে করেন ম্যাডিসনের আরেকটা সুযোগ প্রাপ্য, ‘যেমন আশা করেছিল, শুরুটা তেমন হয়নি নিকের। কিন্তু ব্রিসবেনে দ্বিতীয় ইনিংসে নেমেই ও যেভাবে শট খেলতে গিয়েছিল সে জন্য আমি গর্বিত। আমাদের দলে এমন নিঃস্বার্থ খেলোয়াড়ই চাই।’ পাকিস্তান অবশ্য ম্যাচের একাদশ নিয়ে রহস্য রেখে দিয়েছিল কালও। সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে অধিনায়ক মিসবাহ-উল-হকের জবাব, ‘কালই (আজ) দেখা যাবে।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।