মেলবোর্নে জয় দেখছে ভারত

মেলবোর্নে অ্যাডিলেডের দুঃস্বপ্ন পেছনে ফেলেছে ভারত।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলবোর্ন টেস্টে দ্বিতীয় দিন শেষেই শক্ত অবস্থানে পৌঁছে গিয়েছিল ভারত। আজ তৃতীয় দিনের খেলা শেষে ভারত জয় দেখছে বেশ ভালোভাবেই।

অ্যাডিলেড টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংস (৩৬) এক পাশে সরিয়ে রাখলে অনেকেই প্রশ্নটির উত্তরে ‘হ্যাঁ’ বলতে পারেন। ৬ উইকেটে ১৩৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিক দল। স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে উইকেটে আছেন শুধু এক টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্যামেরন গ্রিন (১৭*)। অন্য প্রান্তে মেরেকেটে ব্যাট করতে পারা পেসার প্যাট কামিন্স (১৫*)। ২ রানের লিড নিয়ে দিনের খেলা শেষ করেছে টিম পেইনের দল।

টেস্টে হাতে এখনো দুই দিন বাকি। কাল এই লিড অস্ট্রেলিয়া কোথায় নিয়ে যেতে পারে, এই প্রশ্নের চেয়ে দ্বিতীয় ইনিংসে পেইনের দল কতক্ষণ টিকে থাকতে পারে, সেটাই বড় প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর ভারতের বোলাররা কাল যত দ্রুত দিতে পারবে, ভারতও তত তাড়াতাড়ি চার টেস্টের এই সিরিজে ১–১ ব্যবধানে সমতায় ফেরার পথ সুগম করতে পারবে। কিন্তু ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা তা তো অ্যাডিলেডে ভারতের দ্বিতীয় ইনিংসেই দেখা গেছে—নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ৩৬ রানে গুটিয়ে যাওয়ায়। অবশ্য এমন দুর্ঘটনা তো আর প্রতিদিন ঘটে না! তাই মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন পর্যন্ত ভারতের জয়ের সুযোগই বেশি দেখা যাচ্ছে।

রাহানের দলকে এ আসনে বসিয়েছে অস্ট্রেলিয়ান টপ অর্ডারের ব্যর্থতা। কেউ ফিফটির দেখা পাননি, সর্বোচ্চ ১৩৭ বল খেলেছেন ওপেনার ম্যাথু ওয়েড (৪০)। এখন পর্যন্ত দলের সর্বোচ্চ স্কোরারও তিনি। আরেক ওপেনার জো বার্নস আগের ইনিংসের মতো যথারীতি ব্যর্থ। সবচেয়ে বড় প্রশ্ন স্টিভেন স্মিথের ব্যাটিং ঘিরে। যে স্মিথকে স্টাম্প ঢেকে কিংবা অফ স্টাম্পের দিকে সরে এসে কখনো বোল্ড হতে দেখা গেছে কি না, তা নিয়ে অনেকে গবেষণা করেন, সেই ব্যাটসম্যানই আজ যশপ্রীত বুমরার বলে লেগ স্টাম্পের বেলস বাঁচাতে পারেননি! ৮ রান করে অস্ট্রেলিয়ার বিপর্যয় বাড়িয়েছেন স্মিথ। তাঁর ফর্মটা মোটেই ভালো যাচ্ছে না। ভারতের তিন পেসার বুমরা, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজের ধারাবাহিক বাউন্সার ও ভালো জায়গায় বল ফেলার সামনে বার্নস, স্মিথ, ট্রাভিস হেড (১৭) দাঁড়াতে পারেননি।

পেসারদের সঙ্গে তাল মিলিয়ে ভালো বোলিং করেছেন দুই স্পিনার রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। সংগ্রাম করে রান তোলা ওয়েডকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন জাদেজা। মারনাস লাবুশেনকে (২৮) অজিঙ্কা রাহানের ক্যাচে পরিণত করেন অশ্বিন। তবে অধিনায়ক টিম পেইনের আউট নিয়ে বিতর্ক আছে। জাদেজার বলে স্কয়ার কাটের চেষ্টা করেছিলেন তিনি। বল ঋষভ পন্তের গ্লাভসে জমা পড়ার পর জোরাল আবেদন করেছিলেন বোলার ও উইকেটরক্ষক। মাঠের আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নেন ভারতের অধিনায়ক রাহানে। তৃতীয় আম্পায়ার হটস্পটে পেইনের ব্যাটে বল লাগার কোনো দাগ ধরতে পারেননি। কিন্তু স্নিকোতে একটা দাগ ধরা পড়ায় আউট দেওয়া হয় পেইনকে (১)। অবশ্য এই দাগটা যেকোনো কিছুর হতে পারে বলে দাবি তুলেছেন অনেকে।

স্মিথের ব্যাট সবচেয়ে বেশি ভোগাচ্ছে অস্ট্রেলিয়াকে।
ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার সাতটি জুটির মধ্যে কোনো জুটি–ই ৫০ রানও তুলতে পারেনি। ওয়েড–লাবুশেনের ৩৮ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেটে অপরাজিত থাকা গ্রিন–কামিন্সের (৩৪*)। ভারতের হয়ে ২ উইকেট জাদেজার। ১টি করে উইকেট বুমরা, যাদব, সিরাজ ও অশ্বিনের। এর আগে তৃতীয় দিনে ৩২৬ রানে প্রথম ইনিংসে অলআউট হয় ভারত। মেলবোর্নে আজ দুই দলের ইনিংস মিলিয়ে মোট ১১ উইকেটের পতন ঘটেছে।