এ রকম অভিজ্ঞতা স্টিভেন স্মিথের সম্ভবত আগে হয়নি। ব্রিসবেনে টেস্ট জিতেও যে এমন সমালোচনার মুখে পড়বেন, সেটাও সাবেক সতীর্থদের কাছ থেকে, এ কী আর ভেবেছিলেন! অথচ উল্টো অভিজ্ঞতা হচ্ছে পাকিস্তানের। শেষ পর্যন্ত ৩৯ রানে তারা হেরেছে ম্যাচটা। কিন্তু আসাদ শফিকের দাপুটে ব্যাটিংয়ে যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে, বিশ্ব রেকর্ড গড়া এক জয়ের খুব কাছে গেছে, সেটাই মুগ্ধ করেছে অনেককে। অস্ট্রেলিয়া জিতেও যে প্রশংসাটা পাচ্ছে না, সেটা হেরেও পাচ্ছে পাকিস্তান!
বাংলাদেশ সময় আগামীকাল ভোর থেকে মেলবোর্নে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টে এই ব্যাপারটাই কি মানসিকভাবে একটু এগিয়ে দিচ্ছে মিসবাহ-উল-হকের দলকে? ব্রিসবেনে পাকিস্তানের নায়ক আসাদ শফিক কিন্তু তা-ই মনে করেন, ‘যেভাবে আমরা প্রথম টেস্টে ঘুরে দাঁড়িয়েছি, সেটা অবশ্যই দারুণ ব্যাপার। আসলেই ওটা আমাদের জন্য বড় প্রেরণা। আমরা এখন আরও আত্মবিশ্বাসী। আর এই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে চাইব এখানেও ভালো কিছু করতে।’
ব্রিসবেনে অস্ট্রেলিয়ার আরও আগেই জিতে যাওয়ার কথা ছিল—এটুকু মানছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারও। কিন্তু সেটা হয়নি বলে যে সমালোচনাটা হচ্ছে তাতে আবার খুব আপত্তি ওয়ার্নারের, ‘ওরা ভালো খেলেছে। কিন্তু শেষ পর্যন্ত জিতেছি তো আমরাই। আর টেস্টের শেষ দিনে ও রকম নাটকীয়তা হতেই পারে। জেতার পরেও এত কথা, হেরে গেলে কী হতো ভাবছি। আর পাকিস্তান যদি হারা টেস্ট থেকে আত্মবিশ্বাস নিতে পারে, নিক না। আমরা জানি, আমরা জিতেছি টেস্টটা।’
এক দিক থেকে এটাই বড় সত্যি। পাকিস্তান যতই প্রশংসা পাক, বাস্তবতা হচ্ছে, সিরিজে তারা ১-০ ব্যবধানে পিছিয়ে। মেলবোর্নেও হেরে গেলে সিরিজই চলে যাবে অস্ট্রেলিয়ার কাছে। এবার তাই আর শুধু প্রশংসা নয়, সঙ্গে জয়টাও চান শফিক। আর সেই জয়টা যদি আসে বক্সিং ডে টেস্টের মতো বিশেষ উপলক্ষে, তাহলে তো কথাই নেই, ‘আমরা দারুণ রোমাঞ্চিত। এ টেস্টের গুরুত্ব আমরা জানি। আমি আগে কখনো এত বিশাল দর্শকের সামনে খেলিনি। এমসিজির একটা আলাদা ঐতিহ্য আছে। এখানে খেলাটাই আমার জন্য বিশাল সম্মানের।’
মেলবোর্নের উইকেট অন্য যেকোনো অতিথি দলের চেয়ে পাকিস্তানের জন্য বেশি মানানসই বলেও মনে করে শফিক। পাকিস্তানি ব্যাটসম্যান অবশ্য দাবিটা করতেই পারেন। অস্ট্রেলিয়ার মাটিতে সব মিলিয়ে মাত্র ৪টি টেস্ট জিতেছে পাকিস্তান। এর দুটিই মেলবোর্নে। বাকি দুটি সিডনিতে। তিন টেস্টের এ সিরিজের শেষটা কিন্তু সেখানেই হবে! এএফপি, ক্রিকইনফো।