মেসি আর কোহলি—রমিজের মতে মিলটা যেখানে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি এবং ভারতের অধিনায়ক হিসেবে বিরাট কোহলির মিলটা কোথায়? উত্তরটা জানেন অনেকেই। এই মিল ধরেই দুজনকে একসূত্রে গেঁথেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা।
বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলে থরে-বিথরে শিরোপা জিতলেও দেশের জার্সিতে এখনো বড় কোনো শিরোপার দেখা পাননি মেসি। এদিকে ক্রিকেটেও ভারতের অধিনায়ক হিসেবে কোহলির একই দশা। আইসিসির কোনো টুর্নামেন্ট জিততে পারেননি ভারতের অধিনায়ক হিসেবে।
যদিও পারফরম্যান্সে ধারাবাহিকতা বিচারে কোহলির দলের সমালোচনা করা চলে না। তবু বৈশ্বিক প্রতিযোগিতায় শিরোপা–খরা প্রশ্নটা রেখেই যায়, যেমন প্রশ্ন ওঠে আর্জেন্টিনার হয়ে মেসির ক্ষেত্রেও।
কোহলির নেতৃত্বে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে ভারত। হেরেছে পাকিস্তানের কাছে। এরপর ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। আরও আগে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল।
২০১৬ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে হার এসেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। রমিজ রাজার মতে, এ ব্যর্থতার কারণ টেম্পারামেন্টের অভাব-চাপের মুহূর্তে পারফরম্যান্স করতে না পারা। বড় টুর্নামেন্ট জিততে ধারাবাহিকতার চেয়ে টেম্পারামেন্ট বেশি জরুরি বলে মনে করেন রমিজ রাজা।
ইন্ডিয়া টিভির সঙ্গে আলপচারিতায় রমিজ বলেন, ‘স্যার ভিভিয়ান রিচার্ডসকে দেখুন, তিনি বড় মঞ্চে সব সময় পারফর্ম করতেন। সেভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও কোহলির সামনে বড় সুযোগ সেঞ্চুরি করে দলকে শিরোপা জেতানোর। সে এর মধ্যেই কিংবদন্তি, তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতানোটা হবে কোহলির মুকুটে আরেকটি পালকের সংযোজন। এ ধরনের বিজয়মঞ্চ হবে সর্বকালের সেরাদের কাতারে নাম লেখাতে কোহলির জন্য দারুণ এক সুযোগ। তার সামর্থ্য আছে। শুধু পরিস্থিতি বুঝে নিজের প্রতিভা অনুযায়ী কাজটা করতে হবে কোহলিকে।’
দেশের হয়ে বড় শিরোপা জিততে না পারায় মেসির সঙ্গে এখানে কোহলির মিলটা দেখছেন রমিজ রাজা। পাকিস্তানের হয়ে ১৯৯২ বিশ্বকাপজয়ী সাবেক এ ক্রিকেটার বলেন, ‘মেসির মতো তারকা আর্জেন্টিনার হয়ে এখনো বড় শিরোপা জিততে পারেননি। এটি টেম্পারামেন্টের বিষয়। বিশ্বকাপের মতো বড় মঞ্চে পারফর্ম করার মধ্য দিয়ে একজন খেলোয়াড়ের সামর্থ্য বোঝা যায়।’
সাউদাম্পটনে ১৮ জুন থেকে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, যেখানে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। কোহলির দল টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকলেও ইংলিশ কন্ডিশন বিবেচনায় ভারত নয় নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা।
যদিও দলের মধ্যে জয়ের মানসিকতা তৈরি করায় ভারতের কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক কোহলির প্রশংসা করলেন রমিজ রাজা, ‘এই মুহূর্তে ভারত ভয়ডরহীন ক্রিকেট খেলে, পাকিস্তানসহ যেকোনো দলকে হারাতে পারে। তাদের প্রক্রিয়াটা ভারতীয় ক্রিকেটে এ পরিবর্তন এনেছে। বিরাট কোহলি ও রবি শাস্ত্রী দলের মধ্যে জয়ের মানসিকতা তৈরি করেছেন।’