মেসি নয়, কোহলির অনুপ্রেরণা রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোই তাঁর অনুপ্রেরণা। বললেন, কোহলি। ছবি: ফাইল ছবি।
রোনালদোই তাঁর অনুপ্রেরণা। বললেন, কোহলি। ছবি: ফাইল ছবি।

অনেকের কাছেই তিনি ‘আইডল’। ধারাবাহিকতার রোল মডেল। পারফরম্যান্সের রাজা। কিন্তু কোহলি নিজে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের প্রেরণা মনে করেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ আর পর্তুগালের তারকা ফরোয়ার্ড রোনালদোকে।

কারণটা কী? রোনালদোর পরিশ্রমটা খুব টানে কোহলিকে। তাঁর ঘামে ভেজা পেশিগুলো কোহলিকে বারবার মনে করিয়ে দেয়, তুমি যতই প্রতিভাবান হও না কেন, পরিশ্রমের কোনো বিকল্প নেই।

ইংলিশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন নিজের ধারাবাহিকতার রহস্য। তাঁকে লিওনেল মেসির চেয়ে রোনালদো অনেক বেশি টানে। কারণটা তাঁর মুখ থেকেই শুনুন, ‘কঠোর পরিশ্রমের ব্যাপারে রোনালদো আমার প্রেরণা। আমি শুনেছি, সে নাকি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে পরিশ্রমী ফুটবলার। পরিশ্রমের জন্যই সে নিজেকে এই জায়গায় নিয়ে এসেছে। মেসি দুর্দান্ত প্রতিভাবান। কিন্তু রোনালদো কেবল পরিশ্রম দিয়েই অসম্ভব প্রতিভাবান একজন ফুটবলারের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে।’

২০১৬ সালটা দুর্দান্ত গেছে রোনালদোর। দেশের জার্সি গায়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। রিয়াল মাদ্রিদের হয়ে পেয়েছেন চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। এই সাফল্য তাঁকে এনে দিয়েছে ব্যালন ডি’অর পুরস্কার। একজন ফুটবলারের জন্য এর চেয়ে প্রাপ্তির বছর আর কী হতে পারে! গত বছর কোহলিও রোনালদোর মতোই দুর্দান্ত ছিলেন। টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরি পেয়েছেন। সব ধরনের ক্রিকেট নিয়ে ৩৭টি আন্তর্জাতিক ম্যাচে রান করেছেন ২ হাজার ৫৯৫। ধারাবাহিকতার প্রতীক হয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। কোহলির মতে, এ বছর তিনি নিজের খেলাটা আগের চেয়ে অনেক ভালোমতো বোঝা শুরু করেছেন, ‘আমার নিজের সামর্থ্য বা অক্ষমতা—যা-ই বলুন না কেন, তা নিয়ে আমি সন্তুষ্ট। আমি কতটুকু কী করতে পারি, সেটি খুব ভালোভাবেই বুঝতে পারি। নিজের মধ্যে সঠিক ভারসাম্যটা নিয়ে আসা জরুরি।’

কোহলির কাছে ধারাবাহিকতা হচ্ছে প্রতিনিয়ত নিজের ভুলত্রুটিগুলো শুধরে নেওয়াই।