মেসিকে ছাড়া কেমন হবে বার্সার একাদশ?

বার্সেলোনায় আর থাকা হচ্ছে না মেসিরছবি: এএফপি

গত প্রায় দেড় দশক ধরে বার্সেলোনার মূল একাদশের প্রতিটি অংশই বদলেছে। পাল্টায়নি শুধু একটা বিষয়—একাদশে লিওনেল মেসির উপস্থিতি। রোনালদিনিও, পুয়োল, ভালদেস, ডেকো, জাভি, ইনিয়েস্তা, আলভেস, ভিয়া, পেদ্রো, নেইমার, সুয়ারেজ—কত খেলোয়াড় এলেন, গেলেন। যাননি শুধু মেসি। এবার সেটিও হয়ে গেল।

মেসিহীন বার্সেলোনার চিন্তা অবশেষে শুরু করতে হচ্ছে কোচ রোনাল্ড কোমানকে। আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বার্সেলোনা জানিয়ে দিয়েছে, মেসি-বার্সা জুটির এখানেই পরিসমাপ্তি। আর্থিক নিয়মকানুনের বেড়াজালে আবদ্ধ বার্সেলোনা মেসিকে কোনোভাবেই দলে রাখতে পারছে না।

মেসি বার্সেলোনার ইতিহাসের সেরা খেলোয়াড়—সন্দেহ নেই। কিন্তু যত ভালো খেলোয়াড়ই হন না কেন, প্রিয় ক্লাবের সঙ্গে কখনো না কখনো যাত্রার ইতি ঘটেই। খেলোয়াড় চলে গেলেও নিজ গতিতে এগিয়ে যায় ক্লাব। যে কারণে বার্সেলোনা এককালে বিদায় বলেছে কুবালা, ক্রুইফদের মতো খেলোয়াড়দের।

মেসিকে ছাড়া একাদশ গড়তে হবে বার্সাকে। এই দৃশ্য ভাবাটা কষ্টের
ছবি: এএফপি

রিয়াল বিদায় জানিয়েছে ডি স্টেফানো-রোনালদো নাজারিওদের। ব্যাপারটা যেন জনপ্রিয় ব্রিটিশ রক ব্যান্ড ‘কুইন’–এর বিখ্যাত সেই গানের শিরোনামের মতো, ‘শো মাস্ট গো অন।’ যত যা-ই হোক না কেন, পৃথিবীর এই রঙ্গমঞ্চে অনুষ্ঠান চলবেই।

ঠিক একইভাবে, মেসি থাকুক না বা থাকুক, ন্যু ক্যাম্পে খেলা হবেই। বার্সেলোনা থাকবেই, বার্সেলোনা জিতবেই, শুধু মেসিই থাকবেন না, এই যা।

মেসিহীন সেই বার্সেলোনা কেমন হতে পারে? একটু নজর দেওয়া যাক। মেসি যেমন চলে যাচ্ছেন, নতুন বেশ কিছু খেলোয়াড়ও এসেছেন কাতালানপাড়ায়। আক্রমণভাগেই যেমন এসেছেন সের্হিও আগুয়েরো, মেম্ফিস ডিপাইদের মতো আক্রমণভাগের খেলোয়াড়।

রক্ষণভাগ শক্তিশালী করতে এসেছেন এমারসন রয়্যাল ও এরিক গার্সিয়ার মতো খেলোয়াড়। মেসি না থাকলেও এঁদের দিয়ে নতুন দিনের বার্সেলোনা গড়ে তুলবেন কোমান, সঙ্গে আগের যোদ্ধারা তো আছেনই।

বার্সার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন হচ্ছে মেসির
ছবি: এএফপি

গোলবারের নিচে স্বাভাবিকভাবেই থাকবেন চিরবিশ্বস্ত জার্মান গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন। গত মৌসুমে বার্সেলোনার শুরুটা বাজে হলেও শেষ পর্যন্ত শিরোপার লড়াইয়ে বেশ ভালোভাবেই ছিলেন মেসিরা। আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল কোমানের কৌশলগত এক পরিবর্তনের। ৪-৩-৩ ছক থেকে সরে এসে দলকে ৩-৫-২ ছকে খেলানো শুরু করেছিলেন কোমান।

এ ছাড়া কোমান নিজে যখন বার্সেলোনায় খেলতেন, তখন বার্সার সেই বিখ্যাত ‘ড্রিম টিম’ও ৩-৫-২ ছকেই খেলত। তাই এই ছকের প্রতি কোমানের অনুরাগ আজকের নয়।

এবারও বার্সেলোনাকে সেই ছকেই দলকে খেলাতে পারেন কোমান। সে ক্ষেত্রে দরকার তিনজন সেন্টারব্যাকের। মূল একাদশে খেলতে পারেন, এমন সেন্টারব্যাক বার্সেলোনায় এখন আছেন মোটামুটি ছয়জন—জেরার্দ পিকে, ক্লেমঁ লংলে, এরিক গার্সিয়া, অস্কার মিঙ্গেসা, সামুয়েল উমতিতি ও রোনালদ আরাউহো।

মূল একাদশের তিনজন সেন্টারব্যাক হিসেবে পিকে, লংলে ও নতুন আসা গার্সিয়ার খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। পিকের যোগ্যতা নিয়ে নতুন করে বলার কিছু নেই, তিনজনের মধ্যে মাঝখানের জায়গাটা তিনিই নেবেন। ডান দিকের সেন্টারব্যাক হিসেবে ডান পায়ের ডিফেন্ডার এরিক গার্সিয়ার খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি, ইউরো ও অলিম্পিকে যিনি স্পেন দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। বাঁদিকে খেলানোর জন্য কোমান এমন একজনকে চাইবেন, যিনি বাঁ পায়ে খেলতে স্বচ্ছন্দ, যে কারণে একাদশে জায়গা করে নেবেন লংলে।

বার্সাকে থরে–বিথরে সাফল্য এনে দিয়েছেন মেসি
ছবি: এএফপি

মাঝমাঠে থাকা পাঁচজনের মধ্যে দুপাশের দুজনের ভূমিকা হবে উইংব্যাকের। রাইট উইংব্যাক হিসেবে মূল একাদশে সুযোগ পাওয়ার জন্য জোর লড়াই হবে গত মৌসুমে ক্লাবে আসা সের্হিনিও দেস্ত ও এই মৌসুমে দলে আসা এমারসন রয়্যালের মধ্যে। বাঁদিকে জর্দি আলবার অত বেশি প্রতিযোগিতা নেই অবশ্য। মূল একাদশে তাঁর থাকা নিশ্চিত। মাঝের তিনজন মিডফিল্ডার হিসেবে সের্হি বুসকেতস, পেদ্রি ও ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের উপস্থিতি থাকবেই। এই তিনজনের বিকল্প খেলোয়াড় হিসেবে বেঞ্চে থাকবেন রিকি পুচ, মিরালেম পিয়ানিচের মতো তারকারা।

আক্রমণভাগের দুজন হিসেবে আগের মৌসুমে মেসির সঙ্গী ছিলেন আতোয়ান গ্রিজমান। এখন যেহেতু মেসি নেই, মেসির জায়গায় ডাচ স্ট্রাইকার মেম্ফিস ডিপাইয়ের থাকার সম্ভাবনা সর্বাধিক।

মেম্ফিসকে দলে আনার জন্য কোমানের আগ্রহই ছিল সবচেয়ে বেশি। মেসির জায়গায় প্রায় শিষ্যকেই যে কোমান খেলাবেন, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। প্রীতি ম্যাচগুলোতে গ্রিজমানের সঙ্গে মেম্ফিসের বোঝাপড়াটাও নজর কেড়েছে বেশ, যা আশা জাগাতে পারে বার্সা সমর্থকদের মনে। আর বিকল্প স্ট্রাইকার হিসেবে বেঞ্চে তো আগুয়েরো থাকবেনই।আগুয়েরোর সঙ্গে তাঁর প্রিয় বন্ধু মেসি থাকবেন না, এটাই হতাশার!

আগামী মৌসুমে বার্সেলোনার সম্ভাব্য একাদশ: টের স্টেগেন, গার্সিয়া, পিকে, লংলে; দেস্ত, দি ইয়ং, বুসকেতস, পেদ্রি, আলবা; মেম্ফিস, গ্রিজমান