শাস্ত্রী কেন থাকলেন না, সৌরভের পাল্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যখন রবি শাস্ত্রী-সৌরভ গাঙ্গুলী ছিলেন পাশাপাশি।
যখন রবি শাস্ত্রী-সৌরভ গাঙ্গুলী ছিলেন পাশাপাশি।

ইট মেরেছিলেন রবি শাস্ত্রী। পাটকেল ছুড়ে জবাব দিলেন সৌরভ গাঙ্গুলী! ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন কোচ নির্বাচনের ভার দেওয়া হয়েছিল উপদেষ্টা পরিষদকে। এই উপদেষ্টারা যখন সাক্ষাৎকার নিচ্ছিলেন, কমিটির অন্যতম সদস্য হয়েও সৌরভ সেখানে ছিলেন না। এ বিষয়টিকে সামনে এনে শাস্ত্রী খোঁচা দিয়েছেন ‘দাদা’কে!
চুপ থাকেননি সৌরভও। শাস্ত্রীকে মোক্ষম জবাবই দিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক। সাক্ষাৎকারে নেওয়ার সময় সৌরভ না থাকলেও কমিটির অন্য তিন সদস্য শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষণ ও সঞ্জয় জাগদালে উপস্থিত ছিলেন। মজাটা হলো, উপস্থিত ছিলেন না কোচ হতে প্রত্যাশী শাস্ত্রী স্বয়ং। ভারতীয় দলের সাবেক এই পরিচালক উপদেষ্টা কমিটির কাছে সাক্ষাৎকার দিয়েছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এ কারণেই সৌরভের প্রশ্ন, ‘যদি আমি উপস্থিত না থাকি, তিনিও তো ছিলেন না। ব্যাংককে ছুটি না কাটিয়ে তাঁর অবশ্যই মিটিংয়ে থাকা উচিত ছিল।’

ভারতীয় দলের কোচের দায়িত্বটা শেষ পর্যন্ত পেয়েছেন অনিল কুম্বলে। শাস্ত্রী নাকি মনে করেন, সৌরভ তাতে বিশেষ ভূমিকা রেখেছেন। উইকেট থেকে বেরিয়ে এসে উড়িয়ে মারার মতো শাস্ত্রীকে জবাব দিয়েছেন সাবেক ভারতীয় ওপেনার, ‘যদি শাস্ত্রী মনে করেন, তাঁকে বাদ দিয়ে কুম্বলকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পেছনে আমার ভূমিকা আছে, বলব তিনি বোকার স্বর্গে বাস করছেন।’
সৌরভ অবশ্য বলেছেন, শাস্ত্রীর মন্তব্যে তিনি যেমন চটেছেন, তেমনি দুঃখও পেয়েছেন। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।