মেহেদীর চোখে এখন জাতীয় দল

শুরুটা হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে, শেষটাও হলো একই দলের বিপক্ষে। ফতুল্লার বিকেলের আলোয় মেহেদী হাসান মিরাজের স্মৃতিতে যেন রঙিন হয়ে উঠল তিন বছর আগের স্মৃতি।
২০১৩ সালের এপ্রিলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে যুব টেস্ট দিয়ে শুরু হয়েছিল মেহেদীর অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ক্যারিয়ার। শুরুটাও হয়েছিল দারুণ, ওই ম্যাচে করেছিলেন সেঞ্চুরি। কাল যুব বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সেই শ্রীলঙ্কার বিপক্ষে শেষটাও হলো দারুণ। ৩ উইকেট নেওয়ার পর ৫৩ রান করে হলেন ম্যাচসেরা।
২০১৩ সালের আগস্টে ১৫ বছর বয়সে পেয়েছিলেন দলের অধিনায়কত্ব। সেই দলটির মুস্তাফিজুর রহমান, জুবায়ের হোসেন, মোসাদ্দেক হোসেনের মতো খেলোয়াড়েরা পরে সুযোগ পেয়েছেন বাংলাদেশ দলেও। তাঁর নেতৃত্বে গত তিন বছরে ৭টি দ্বিপাক্ষিক সিরিজের পাঁচটিতেই জিতেছে বাংলাদেশ। যুব বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশ পেয়েছে সর্বোচ্চ সাফল্য। ধারাবাহিক পারফর্ম করে দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। ব্যাটিংয়ে ৫৬ ম্যাচে ১৩০৫ রান এবং ৮০ উইকেট নিয়ে বয়সভিত্তিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দুর্দান্ত এক অলরাউন্ডার হিসেবে।
এই বিশ্বকাপ দিয়েই শেষ হয়ে গেল মেহেদীর বয়সভিত্তিক ক্রিকেটের সীমানা। তাঁর চোখে এখন বড় স্বপ্ন, একদিন খেলবেন বাংলাদেশ দলে। প্রত্যয়ী কণ্ঠে যুবা অধিনায়ক শোনালেন সেই স্বপ্নের কথা, ‘সবার লক্ষ্য থাকে জাতীয় দলে খেলা। চেষ্টা করব বাংলাদেশ দলে যেন আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারি। যে ভুলগুলো করেছি (বয়সভিত্তিক ক্রিকেটে), সেগুলো যেন শুধরে পরিপূর্ণ ক্রিকেটার হয়ে খেলতে পারি।’