মেহেদীর সেরা বোলিংয়ে অবাক নন তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন মেহেদী। ছবি: প্রথম আলো
দারুণ বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন মেহেদী। ছবি: প্রথম আলো

আফসোসটা কি দূর হয়েছে মেহেদী হাসানের? ১৮ নভেম্বর মিরপুরেই রংপুর রাইডার্সের বিপক্ষে অসাধারণ বোলিং করেছিলেন ২২ বছর বয়সী অফ স্পিনার। প্রথম সাক্ষাতে ব্রেন্ডন ম্যাককালামের উইকেটটি পেলেও আম্পায়ারের বাজে সিদ্ধান্তে ক্রিস গেইলেরটা পাননি। 

আজ একই দলের বিপক্ষে মেহেদীর বোলিংটা হলো আরও দুর্দান্ত। টি-টোয়েন্টির দুই বিস্ফোরক ব্যাটসম্যানের উইকেটই পেলেন। তাও আবার বোল্ড করে! ২২ রানে ৪ উইকেট নিয়েছেন, টি-টোয়েন্টি ক্যারিয়ারেই যেটি সেরা। দিনটি নিজের করে নেওয়ার পর মেহেদীর প্রতিক্রিয়া কী, সেটি অবশ্য শোনা যায়নি। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক তামিম ইকবাল।
তামিমের কাছে যদিও মেহেদীর পারফরম্যান্স বিস্ময়কর মনে হয়নি, ‘টুর্নামেন্টে যতগুলো ম্যাচ ও খেলেছে, খুবই ভালো বোলিং করেছে। কিছু ম্যাচে উইকেট পেয়েছে। কিছু ম্যাচে পায়নি কিন্তু ভালো বোলিং করেছে। ওর বোলিংয়ের যে ধরন, আমার খুব পছন্দ। দলের জন্য যা দরকার, সেভাবেই করছে। আমি খুব বেশি অবাক হইনি যে আজ সে ৪ উইকেট পেয়েছে। এই সামর্থ্য ওর আছে।’
শুধু বিপিএল নয়, তামিমের কাছে মেহেদী বাংলাদেশের ক্রিকেটেরই বড় প্রাপ্তি, ‘সে বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো প্রাপ্তি। আমাদের সবার ওর যত্ন নেওয়া উচিত, সে কীভাবে আরও ভালো বোলার হতে পারে। যদি জাতীয় দলে সুযোগ পায়, কীভাবে অবদান রাখতে পারে, সবাই যদি যত্ন নিতে পারি সে আমাদের জন্য বড় সম্পদে পরিণত হবে।’