মেহেদী-রকিবুলের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম শ্রেণির ক্রিকেটে এবারই অভিষেক। কালকের আগ পর্যন্ত দুই ম্যাচ খেলে ফিফটি করেছেন দুটিতেই। জাতীয় লিগের ষষ্ঠ পর্বে এসে তো পেয়ে গেলেন প্রথম সেঞ্চুরিই! ওপেনার মেহেদী হাসানের ১৪০ রানের সৌজন্যে বিকেএসপির ৩ নম্বর মাঠে ঢাকা মহানগরের বিপক্ষে প্রথম দিন শেষে খুলনার রান ৫ উইকেটে ২৯৯। ৯৮ রানে ২ উইকেট পড়ার পর মেহেদী হাসান-তুষার ইমরানের (৬৯) তৃতীয় উইকেট জুটিতে এসেছে ১৩১।
কাল সেঞ্চুরি করেছেন ঢাকার রকিবুল হাসানও। মিরপুরে রংপুরের বিপক্ষে ২৬ রানে দুই ওপেনারেরই বিদায়ের পর তৃতীয় উইকেটে জনি তালুকদার ও রকিবুলের অবদান ১৩৭ রান। পরে পঞ্চম উইকেটে নাদিফ চৌধুরীর সঙ্গে আরও ৭৮ রান যোগ করেন দিন শেষে ১১৫ রানে অপরাজিত রকিবুল। রকিবুল এবারের লিগে তাঁর দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেও অল্পের জন্য প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে পারলেন না জনি তালুকদার। রনি তালুকদারের সহোদর ৩ নম্বরে নেমে আউট হয়ে গেছেন ৯০ রান করে। এবার দুটি ডাবলসহ টানা তিনটি সেঞ্চুরি পাওয়া রনি কাল আউট হয়েছেন শূন্য রানে।
বাকি দুই ম্যাচের মধ্যে প্রথম দিনে ঘটনা একটাই—রাজশাহীর সাকলাইন সজীবের ৮১ রানে ৫ উইকেট। বিকেএসপির আরেক মাঠে তাঁর ঘূর্ণি বলের সামনেই ২৩৫ রানে অলআউট হয়ে গেছে বরিশাল। ১ উইকেটে ৩২ রান নিয়ে দিন শেষ করেছে রাজশাহী। ফতুল্লার ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে সারা দিনে ৩ উইকেটে ২১৪ রান করেছে সিলেট। রাজিন সালেহ ৭২ ও অলক কাপালি ৪৩ রান নিয়ে ব্যাট করছিলেন।