মোশাররফের ফেরা
কদিনের ব্যবধানে একই অভিজ্ঞতা দুবার হয়েছে মোশাররফ হোসেনের। আগস্টের শেষ সপ্তাহে সপরিবারে বেড়াতে যান ভারতে। কিন্তু কলকাতায় বসেই ঢাকা থেকে জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার জরুরি ডাক পান এই বাঁহাতি স্পিনার। বিমান টিকিট না পেয়ে সড়কপথে দেশে ফিরে আসেন ২৭ আগস্ট।
বাংলাদেশ দলের ওয়ানডে পুলে থাকলেও মোশাররফ আফগানিস্তান সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন না। ৩৪ বছর বয়সী বাঁহাতি স্পিনার বগুড়ায় গিয়েছিলেন জাতীয় লিগ খেলতে। সিরিজের শেষ ওয়ানডের জন্য পেসার রুবেল হোসেনের জায়গায় হঠাৎ ডাক পাওয়ায় আবারও পড়িমড়ি করে ছুটে এলেন ঢাকায়। কাল সকালে যোগও দিয়েছেন দলের ঐচ্ছিক অনুশীলনে। আট বছর পর আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ নেওয়ার অপেক্ষায় মোশাররফ, ‘যেহেতু দুই ম্যাচের দল ঘোষণা করা হয়েছিল, আশা তো ছিলই। অবশেষে ডাক পেয়ে ভালো লাগছে।’
২০০৮-এর মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তবে ২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে ডাক পেয়েও খেলার সুযোগ পাননি মোশাররফ। এবার সুযোগ পেলে নিজের জায়গাটা ধরে রাখতে চান।