মোসাদ্দেক আবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের পর্বেই প্রথম শ্রেণির ক্রিকেটের নিজের প্রথম সেঞ্চুরিটাকে পরিণত করেছেন ডাবল সেঞ্চুরিতে। কাল পঞ্চম রাউন্ডের প্রথম দিন শেষেও ১৫০ রানে অপরাজিত মোসাদ্দেক হোসেন। তাঁর সেঞ্চুরির সুবাদে বিকেএসপিতে চট্টগ্রামের বিপক্ষে দিন শেষে ৬ উইকেটে ৪১৭ রান বরিশালের।
১৯১ রানে পড়ে পঞ্চম উইকেট, এরপর ষষ্ঠ উইকেটে মোসাদ্দেক হোসেন-সোহাগ গাজীর ১৩৮ রানের জুটি। চট্টগ্রামের বাঁহাতি স্পিনার ফয়সাল হোসেনের বলে স্টাম্পড হয়ে সোহাগ ৬ রানের জন্য সেঞ্চুরি পাননি (৯৪)।
প্রথম দিন পুরো ব্যাট করেছে ঢাকা বিভাগ আর ঢাকা মহানগরও। ফতুল্লায় খুলনার বিপক্ষে দিন শেষে ৬ উইকেটে ২৪৪ রান ঢাকার। ৮৪ রান নিয়ে ব্যাট করছিলেন শুভাগত হোম চৌধুরী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে ৫৯ রানে ৩ উইকেট হারানোর পরও দিন শেষে ৮ উইকেটে ২২৯ রান ঢাকা মহানগরের। চতুর্থ উইকেটে মার্শাল আইয়ুব (৬৭) ও মেহরাব হোসেন জুনিয়র (৫৪) যোগ করেছেন ১২৩ রান। তবে মার্শাল আউট হওয়ার পর মাত্র ৩৮ রানের মধ্যে ৫ উইকেট হারায় ঢাকা মহানগর।
বিকেএসপির আরেক মাঠে ২৬৩ রানে প্রথম ইনিংস শেষ হয়েছে রাজশাহীর। দিন শেষে রংপুরের রান বিনা উইকেটে ২৫। ১১০ রানে ৫ উইকেট পড়ার পর ষষ্ঠ উইকেটে ১৩৩ রানের জুটি গড়েছেন তারেক খান (৫৭) ও মুক্তার আলী ৮৫।