মোসাদ্দেক এবার জয়ী

১৮তম ওভারে শহীদ আফ্রিদির দুই বলে পরপর দুই বাউন্ডারি মেরে দিলেন মোসাদ্দেক হোসেন। প্রথমটা রিভার্স সুইপে, পরেরটা অফ স্টাম্পের অনেক বাইরের বলে কাট করে। নিজের শেষ ওভারে দুই বাউন্ডারি খাওয়া স্বস্তিদায়ক ছিল না আফ্রিদির জন্য। তবু ওভার শেষে হাত বাড়িয়ে মোসাদ্দেকের মাথার হেলমেটটা নাড়িয়ে দিয়ে গেলেন সাবেক পাকিস্তান অধিনায়ক।
আগের ম্যাচে অপরাজিত ৫৯ রান করেও মোসাদ্দেক ম্যাচ জেতাতে পারেননি। কাল করলেন ২৮ বলে অপরাজিত ৪৮ রান। ১৭০ রান করা ঢাকা ডায়নামাইটসের ৭৮ রানের জয়ে ২০ বছর বয়সী তরুণের অবদানটাই বেশি চোখে পড়ছে। রংপুরকে প্রথম হারের স্বাদ দিয়ে তৃতীয় ম্যাচে ঢাকার এটি দ্বিতীয় জয়।
মোসাদ্দেকের ব্যাটিং ঢাকার ইনিংসের দ্বিতীয় ভাগে, যেটার শেষ দিকে সেকুগে প্রসন্নর ছোট্ট ঝড়টাও কম দৃষ্টি সুখকর ছিল না। মাত্র পাঁচ বলে অপরাজিত ১৩ রান, দুটি বিশাল ছক্কা মেরেছেন মুক্তার আলীর করা ইনিংসের শেষ ওভারে।
৮১ রানে ৪ উইকেট পড়লে অধিনায়ক সাকিব আল হাসান, ডোয়াইন ব্রাভো আর সেকুগে প্রসন্নর সঙ্গে ৩৯, ৩৩ ও অবিচ্ছিন্ন ১৭ রানের তিন জুটিতে ঢাকাকে রংপুরের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান মোসাদ্দেকই। সাত বাউন্ডারির সঙ্গে রুবেলকে ব্যাকওয়ার্ড পয়েন্ট ও ডসনকে ‘কাউ কর্নার’ দিয়ে মেরেছেন দুটি ছক্কা।
মোসাদ্দেক-সেকুগে দায়িত্ব নেওয়ার আগে উত্থান-পতন দেখেছে ঢাকার ইনিংস। রংপুর রাইডার্সের অফ স্পিনার সোহাগ গাজী ম্যাচের প্রথম ওভারেই তুলে নেন মেহেদী মারুফকে। এরপরও কুমার সাঙ্গাকারা-নাসির হোসেনের ৬৯ রানের দ্বিতীয় উইকেট জুটিতে ভালো শুরুই পায় ঢাকা। তিন নম্বরে নেমে টুর্নামেন্টে কাল প্রথম ব্যাটিংয়ের সুযোগ পেলেন নাসির। ৩৩ বলে ৩৮ করে দেখালেন নিজের সামর্থ্যও। কিন্তু দলের ৭৯ রানে নাসির আউট হতেই আবারও বিপর্যয়ে পড়ে ঢাকা। ৮১ রানের মধ্যে আউট রবি বোপারা ও সাঙ্গাকারও। মোসাদ্দেক দলকে সেখান থেকেই টেনে তোলেন।
রংপুর ইনিংসে প্রসন্নর বলে লিয়াম ডসনের এলবিডব্লুর সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করছে টেলিভিশন রিপ্লে। রিপ্লে দেখে মনে হয়েছে বল ব্যাট ছুঁয়েই প্যাডে লেগেছিল। তবে বাকি ব্যাটসম্যানরা এতটাই ব্যর্থ যে, ডসনের আউট নিয়ে বিতর্ক হয়তো এখন প্রথম দুই ম্যাচেই জেতা রংপুরও করবে না।