মোসাদ্দেক যদি না থাকতেন!

২০০৩ বিশ্বকাপে কানাডার বিপক্ষে সেই ম্যাচটির কথা মনে আছে কি? ওই যে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ খেলতে গিয়ে ডারবানের প্রথম ম্যাচেই ১২০ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। সেসব স্মৃতি প্রায় ভুলেই গিয়েছিল সবাই। কিন্তু আজ মিরপুরে সেসব দুঃস্মৃতি ফিরে এসেছিল আবার। শেষ পর্যন্ত মাত্রই নিজের প্রথম ওয়ানডে খেলতে নামা এক কিশোর-কিশোর চেহারার তরুণ বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেন। মোসাদ্দেক হোসেনের অসাধারণ এক ইনিংসের কারণে লড়াইয়ের পুঁজি অন্তত পেল বাংলাদেশ।
দুঃখজনক রান আউটে শেষটা না হলে গল্পটা আরও অন্য রকম হয়তো হতো। তবে ১৬৫ রানে ৯ উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশ যে ২০৮ রান তুলতে পেরেছে, সে-ও বা কম কী! মোসাদ্দেক শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪৫ রানে। পরে বল হাতে নিয়ে প্রথম বলেই উইকেটও পেয়েছেন। এটাই আশা দেখাচ্ছে বাংলাদেশকে। ১৪ ওভার শেষে আফগানদের স্কোর ৩ উইকেটে ৬১। ৩৬ ওভারে আফগানদের চাই ১৪৮। ম্যাচটা মোসাদ্দেকের হয়ে উঠলেই কেবল আশা আছে। অবশ্য সাকিব আল হাসানও দুই উইকেট নিয়ে স্বল্প পুঁজিটাকে বড় করে দেখাচ্ছেন।
মোসাদ্দেকের ওপর এতটা আশায় বসত গড়ার কারণ, আজ যা করছেন, সেটাই যেন তাঁর পক্ষে যাচ্ছে। ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে দ্বিতীয় রানটি নিতে গিয়ে রুবেলের রান আউটটা কেবল পক্ষে যায়নি। এই পেসারের সঙ্গেই শেষ উইকেটে ৪০ বলে ৪৩ রানের জুটি গড়েছিলেন তরুণ মোসাদ্দেক। না হলে কী ভীষণ লজ্জাই অপেক্ষা করছিল বাংলাদেশের জন্য। ফিরে আসছিল সেই ভয়ংকর অতীতের দিনগুলো! ফিরে আসছিল বারবার ২০০৩ বিশ্বকাপ!
বিশ্বকাপের সে স্মৃতি বাংলাদেশের ক্রিকেট কখনোই ভুলবে না। কিন্তু সেসব দিন অনেক আগেই পেরিয়ে এসেছে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর কোনো সহযোগী দেশের বিপক্ষে ২০০ রানের নিচে অলআউট হওয়ার লজ্জা মাত্র দুবার পেয়েছে বাংলাদেশ। ২০০৩ বিশ্বকাপের শেষ ম্যাচেই কেনিয়ার বিপক্ষে ১৮৫ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৪৩ তাড়া করতে নেমে ১৬৯ রানেই অলআউট হয়েছিল বাংলাদেশ। আজও মনে হচ্ছিল, ২০০ করা এক রকম অসম্ভব।
অথচ শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তামিম তো ফর্মে ছিলেনই; সৌম্যও ফিরে আসছিলেন চেনা ছন্দে। কিন্তু দুজনের প্রায় একই ভঙ্গিতে শট খেলতে গিয়ে আউট হওয়ার পর থেকে বাংলাদেশ পথ হারাল। বিনা উইকেটে ৪৫ থেকে স্কোরে ৫ যোগ হতে না হতেই ফিরে এলেন দুই ওপেনার। সেখান থেকে তৃতীয় উইকেটে মাহমুদউল্লাহ-মুশফিকের ৬১ রানের জুটি সর্বশেষ সুসংবাদ।
২ উইকেটে ১১১ তোলা বাংলাদেশ কিছুক্ষণের মধ্যেই হয়ে গেল ৫ উইকেটে ১৩৮। তখনই নেমেছিলেন মোসাদ্দেক। নিজের প্রথম ওয়ানডে ম্যাচটা ২০ বছর বয়সীর জন্য আরও কঠিন করে তোলার সব রকম চেষ্টা করে গেলেন সিনিয়র সতীর্থরা। মুহূর্তেই বাংলাদেশ ৭ উইকেটে ১৪১। মানে তৃতীয় থেকে সপ্তম—এই ৫ ব্যাটসম্যান যাওয়া-আসার মধ্যে বাংলাদেশ যোগ করতে পেরেছে মাত্র ৩০ রান!
এরই মধ্যে লড়াই করছিলেন মোসাদ্দেক। কিন্তু পরপর দুই বলে ফিরলেন তাইজুল ও তাসকিন। বাংলাদেশ তখন ১৬৫, উইকেট আছে মাত্র একটি। মোসাদ্দেক সঙ্গী হিসেবে পেলেন দলের এমন একজন ব্যাটসম্যানকে, ব্যাট করার ভঙ্গি দেখলেই বোঝা যায়, এ তাঁর কাজ নয়। কিন্তু সেই রুবেল রশিদ খানের হ্যাটট্রিক বলটা শুধু ঠেকিয়েই দিলেন না, দশম উইকেটে তুলে দিলেন অতি গুরুত্বপূর্ণ রান। যেখানে মোসাদ্দেকের কৃতিত্বই যে বেশি, সে না বললেও চলে।
৪৫ বলে ঠিক ৪৫ তুলেছেন। চারটি চার। ইনিংসের দুটি ছক্কাই তাঁর ব্যাটে। এর একটি চোখধাঁধানো স্কুপে। শুরুতে ধরে খেলেছেন, শেষে গিয়ে হাত খুলে। রান তোলার তাড়ায় সঙ্গীকে হারালেন বলে ফিফটিটা হলো না। আরও চারটি বল খেলে আসতে পারলে দলের স্কোরও একটু শক্তপোক্ত হতো। কিন্তু যে কঠিনতম পরিস্থিতিতে একেবারে ঠান্ডা মাথায় খেলে এসেছেন, তাতেই মন জিতে নিয়েছেন মোসাদ্দেক। এরপর বল হাতেও দেখালেন জাদু।
সৈকত ডাকনামের এই তরুণ না থাকলে যে অকূল সমুদ্রে পড়ে যেত বাংলাদেশ।