মোসাদ্দেককে ছাপিয়ে নায়ক প্যাটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি ব্যাটিংয়ে ঠুক ঠুক করে এগোলেন সাব্বির রহমান! প্রথম ১৪ রান করেছেন ২১ বল খেলে। ৩৯ বলে ৩১ করে আউট। না, হঠাৎই সাব্বির তাঁর ব্যাটিংয়ের ধরন পাল্টাননি। শুধু সময়ের দাবি মিটিয়েছেন। মাথার ওপর থেকে চাপটা সরে যেতেই বল আর রানে ভারসাম্য এনেছেন। চতুর্থ উইকেটে যোগ্য সংগত দিয়েছেন সামিত প্যাটেলকে। সাব্বিরের ব্যাটিংয়ে যেন পরিণতির ছাপ।
সাব্বির-প্যাটেলের অসাধারণ ব্যাটিংয়ে এবার বিপিএলে অন্যতম ফেবারিট ঢাকা ডায়নামাইটসকে ৬ উইকেটে হারিয়েছে রাজশাহী কিংস। ঢাকা ডায়নামাইটসের দেওয়া ১৩৯ রান তাড়া করতে নেমে ২৭ রানেই দুই ওপেনার রনি তালুকদার-মুমিনুল হক আউট হলেও সাব্বির-প্যাটেলের দৃঢ়তায় ঢাকার বোলাররা আর সুবিধা করে উঠতে পারেননি। ২৫ বলে অপরাজিত ৪৪ রান করে ম্যাচ জিতিয়েই ফিরেছেন প্যাটেল।
অসাধারণ ব্যাটিংয়ের আগে প্যাটেল অবশ্য বোলিংয়েও দারুণ করেছেন। ২০ রানে তুলে নিয়েছেন ২ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে ইংলিশ এই অলরাউন্ডারের হাতে।
এর আগে ছোট্ট একটা ঝড়ই গেছে ঢাকার ওপর দিয়ে। চার বলের ব্যবধানে ড্রেসিংরুমে ফিরে গেছেন মাহেলা জয়াবর্ধনে, মেহেদী মারুফ ও সাকিব আল হাসান। ১ উইকেটে ৪৩ থেকে মুহূর্তেই হয়ে গেছে ৪ উইকেটে ৪৩। তবু শেষ পর্যন্ত ঢাকার স্কোরটা যে ৫ উইকেটে ১৩৮ হয়েছে তাতে বড় অবদান মোসাদ্দেক হোসেনের।
একের পর এক কাট শটে মুগ্ধ করেছেন মোসাদ্দেক। ছয় চারের তিনটিই পেয়েছেন কাট করে। ইনিংসে তাঁর একমাত্র ছক্কাটিও কাট করে, মোহাম্মদ সামির অফ স্টাম্পের বাইরের শর্ট বলটা নিখুঁত টাইমিংয়ে পাঠিয়ে দিয়েছেন বাউন্ডারির ওপারে। রবি বোপারার সঙ্গে পঞ্চম উইকেটে ৫৪ ও ডোয়াইন ব্রাভোর সঙ্গে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৪১ রান যোগ করেছেন মোসাদ্দেক। তাঁকে অবশ্য আউট করতে পারেননি রাজশাহীর বোলাররা। অপরাজিত ছিলেন ৪৬ বলে ৫৯ রান করে।