মোসাদ্দেকের আরেকটি ফিফটি
প্রথম শ্রেণির ক্রিকেটে টানা চার ম্যাচে সেঞ্চুরি নিয়ে জিম্বাবুয়ে সফরে গেছেন মোসাদ্দেক হোসেন। বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যান কাল আশা জাগিয়েছিলেন টানা পঞ্চম ম্যাচেও সেঞ্চুরির। জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে কাল হারারেতে শুরু প্রথম চার দিনের ম্যাচের প্রথম দিনে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান এই ১৯ বছর বয়সী ব্যাটসম্যানের। এই নিয়ে টানা নয়টি প্রথম শ্রেণির ম্যাচে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন। বাংলাদেশ ‘এ’ ৮৩.৩ ওভারে অলআউট হওয়ার আগে করেছে ২৬৮। এরপর ৪ ওভারে কোনো রান না তুলেই দিন শেষ করা স্বাগতিকেরাও হারিয়েছে একটি উইকেট।
সাদমান-রনির উদ্বোধনী জুটি ৪৩ রান এনে দিয়েছিল টস জিতে ব্যাট নেওয়া বাংলাদেশ ‘এ’ দলকে। ৩৪ রান করেছেন সাদমান। তবে ১ উইকেটে ৭২ থেকে বাংলাদেশ ‘এ’ পঞ্চম উইকেট হারায় ১১০ রানে। এরপর ৪৭ রানের জুটি গড়েন মোসাদ্দেক-নুরুল হাসান। নবম উইকেটে শহীদের সঙ্গে সর্বোচ্চ ৫২ রান যোগ করেছেন অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলা সাকলাইন সজীব। শহীদের রান ৩১।