মোসাদ্দেকের টানা ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি ও ঘন কুয়াশার মধ্যে শেষ হয়েছিল ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ড। ড্র হয়েছিল বগুড়া ও রাজশাহীর দুটি ম্যাচই। এক মাস বিরতির পর কাল কক্সবাজারের দুই ভেন্যুতে আবার মাঠে গড়িয়েছে বিসিএল। কিন্তু তৃতীয় রাউন্ডের খেলাতেও বাগড়া দিল বাজে আবহাওয়া। আলোকস্বল্পতায় দুই মাঠেই খেলা শেষ করতে হয়েছে আগেভাগে।
শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হয়েছে ৮০.১ ওভার। এর ৭৮.১ ওভারই খেলে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল অলআউট হয়েছে ২৬২ রানে। এরপর ২ ওভার ব্যাট করে কোনো রান তুলতে পারেনি ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। টস জিতে ব্যাট নেওয়া দক্ষিণাঞ্চল ৪৮ রানেই হারায় ৩ উইকেট। অভিজ্ঞ তুষার ইমরান এরপর তরুণ মোসাদ্দেক হোসেনকে নিয়ে ১৪৭ রান যোগ করে দলকে নিয়ে যান ১৯৫ রানে। কিন্তু ১ রানের ব্যবধানে দুজনের বিদায় দক্ষিণাঞ্চলকে বেশি দূর এগোতে দেয়নি। ৬৭ রানে শেষ ৭ উইকেট হারায় দলটি। ১৪৭ বলে ৭৮ রান তুষারের, মোসাদ্দেক ৬৫ করেছেন ১০৮ বলে। এই নিয়ে টানা ১১টি প্রথম শ্রেণির ম্যাচে ফিফটি পেলেন মোসাদ্দেক।
পাশের একাডেমি মাঠে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে ওয়ালটন মধ্যাঞ্চল ৭৩ ওভারে ৮ উইকেটে ২৪৩ রান তুলতেই শেষ হয় দিনের খেলা। রনি তালুকদার-শামসুর রহমানের উদ্বোধনী জুটি ৫২ রান এনে দিলেও ১০৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে দলটি। ষষ্ঠ উইকেটে তানভীর হায়দার ও শরীফউল্লাহ ৭১ রান যোগ করে আউট হয়ে যান ৩ বলের ব্যবধানে। এরপর অষ্টম উইকেটে ৫৮ রান যোগ করেন মোহাম্মদ শরীফ ও জাবিদ হোসেন। ইনিংস-সর্বোচ্চ ৪৬ রান করে অপরাজিত আছেন শরীফ। ৪৬ রান করেছেন শরীফউল্লাহ।

সংক্ষিপ্ত স্কোর
ওয়ালটন মধ্যাঞ্চল-বিসিবি উত্তরাঞ্চল
মধ্যাঞ্চল: ৭৩ ওভারে ২৪৩/৮ (শরীফ ৪৬*, শরীফউল্লাহ ৪৬, শামসুর ৩৪, শুভাগত ৩৪, তানভীর ৩৩; আরিফুল ৩/৪৩, সানজামুল ২/৪৯)।

প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল
দক্ষিণাঞ্চল: ৭৮.১ ওভারে ২৬২ (তুষার ৭৮, মোসাদ্দেক ৬৫, সোহাগ ২৮; জায়েদ ৪/৬২, ইফতেখার ৩/৬৭)। পূর্বাঞ্চল: ২ ওভারে ০/০।