মোস্তাফিজের আগুন জ্বলবে কবে?

সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজির কী একটা অনুষ্ঠান ছিল। তার আগে কাল পেনিনসুলা হোটেল থেকে বেরই হলেন না মোস্তাফিজুর রহমান। সকালে এম এ আজিজ স্টেডিয়ামে রাজশাহী কিংসের ঐচ্ছিক অনুশীলনেও ছিলেন অনুপস্থিত। মোস্তাফিজ যেন নিজেকে চার দেয়ালের ভেতরে বন্দী করে ফেললেন!
চাইলে এর সঙ্গে মিলিয়ে নেওয়া যায় খুলনা টাইটানসের বিপক্ষে করা আগের রাতে তাঁর বোলিংটাকে। ৪ ওভারে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য। ওভারপ্রতি রান ১২ করে। মোস্তাফিজের ক্রিকেট ক্যারিয়ারেই এটি সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। এমন বোলিংয়ের পরদিন নিশ্চয়ই গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াবেন না কোনো বোলার। তবে মোস্তাফিজের ক্ষেত্রে ‘গৃহবন্দী’ হয়ে থাকার কারণ এটি না-ও হতে পারে। নিজেকে যতটা সম্ভব গুটিয়ে রাখা তাঁর স্বভাব। অবসরের সঙ্গী স্মার্ট ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম আর গান। হতে পারে বিশ্রামের দিনটাতে হোটেল রুমে সেসব নিয়েই ছিলেন।
ঘরোয়া, আন্তর্জাতিক মিলিয়ে মোস্তাফিজ এর আগে ওভারপ্রতি সবচেয়ে বেশি রান দিয়েছেন গত বছরের ফেব্রুয়ারিতে। ঢাকায় ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ৪ ওভারে দিয়েছিলেন ৪০ রান। অর্থাৎ ওভারপ্রতি ১০ রান করে। ওয়ানডে বা টেস্টেও কখনো এর চেয়ে খরুচে বোলিং করেননি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওভারপ্রতি সবচেয়ে বেশি রান দেওয়ার ‘রেকর্ড’টা গড়েন গত বছর আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচে। ৪ ওভারে দিয়েছিলেন ৩৯ রান। পরশু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সব ধরনের ক্রিকেটেই নিজের খরুচে বোলিংয়ের ‘রেকর্ড’টা নতুন করে লিখলেন মোস্তাফিজ।
শুরুটা ভালোই করেছিলেন। প্রথম ওভারে দিয়েছিলেন মাত্র ৫ রান। এরপর থেকেই খেই হারাতে থাকেন। দ্বিতীয় ওভারে এক ছক্কা ও এক বাউন্ডারি খেয়ে ১২। রানের ডজন পূর্ণ করেছেন পরের ওভারেও। শেষ ওভারে তো পড়লেন ঝড়ের মধ্যেই! ১৯ রান নেওয়া ওই ওভারে কার্লোস ব্রাফেট মেরেছেন দুই ছক্কা আর এক চার। রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামি চেয়েছিলেন মোস্তাফিজকে ঘুরিয়ে-ফিরিয়ে বোলিং করাতে। টানা এক ওভারের বেশি তাই বোলিংই পাননি।
২০১৫ সালে আন্তর্জাতিক অভিষেকেই অমিত সম্ভাবনার ঝলক দেখিয়েছিলেন মোস্তাফিজ। কিন্তু পরের বছর পাওয়া কাঁধের চোট তাঁকে মাঠে নিয়মিত হতে দিল না। ক্যারিয়ারের শুরুতে যে সময়ে তাঁর পারফরম্যান্স নিয়ে আলোচনা হওয়ার কথা, তখনই কিনা মোস্তাফিজকে উঠতে হয়েছে অস্ত্রোপচারের টেবিলে! আলোচনায় পারফরম্যান্স নয়, তাঁর চোট-আঘাত। ২০১৬-এর আগস্টে হয় অস্ত্রোপচার, মাঠে ফেরেন ওই বছরেরই ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে।
কিন্তু অস্ত্রোপচারের আগের আর পরের মোস্তাফিজে যে আকাশ-পাতাল পার্থক্য! এখনকার মোস্তাফিজ অনেক বেশি সতর্ক, চোট-কাতর। সেটির প্রভাব দেখা যায় পারফরম্যান্সেও। বোলিংয়ে শুরুর সেই আগুনটা নেই। কাটারের ধারও গেছে কমে। মোস্তাফিজের হাতে নতুন অস্ত্র তুলে দিতে কাজ করেছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। কিন্তু সেটির কোনো সুফল এখন পর্যন্ত আসেনি।
কাঁধের অস্ত্রোপচারের আগে-পরে মোস্তাফিজের উইকেটসংখ্যা আর ইকনমি রেটও একই কথা বলছে। অস্ত্রোপচারের আগে ৯টি ওয়ানডে খেলে উইকেট পেয়েছিলেন ২৬ টি। ইকনমি রেট কখনোই ৬ স্পর্শ করেনি। অথচ অস্ত্রোপচারের পর ১৩ ম্যাচে উইকেট ১৮ টি। ইকনমি রেট ৬-এর ওপরে গেছে অনেকবারই। ৭.৫০ হয়েছে, বার্মিংহামে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে সেটি ছিল ৮.৮৩। ওই ম্যাচেও কোনো উইকেট পাননি মোস্তাফিজ। অস্ত্রোপচারের পরের এই সময়ে তাঁর সেরা বোলিং ৯ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট, সেটিও আয়ারল্যান্ডের বিপক্ষে। অবশ্য অস্ত্রোপচারের আগে-পরের সময়ের মধ্যে একটা বড় পার্থক্য আছে। অস্ত্রোপচারের আগে মোস্তাফিজ সব ওয়ানডেই খেলেছেন দেশের মাটিতে। অস্ত্রোপচারের পর সবই বিদেশে।
কাঁধের চোট কাটিয়ে ওঠার পর মোস্তাফিজকে পড়তে হয়েছে পায়ের চোটেও। গত দক্ষিণ আফ্রিকা সফরে বাঁ পায়ের অ্যাংকেলে ব্যথা পেয়ে সিরিজের মাঝপথেই ফিরে আসেন দেশে। খেলায় ফিরেছেন বিপিএলের চট্টগ্রাম পর্বে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে। ৩২ রানে ২ উইকেট নিয়ে প্রত্যাবর্তন খারাপ না হলেও পরের ম্যাচেই ডুবলেন লজ্জার রেকর্ডে। তবে এর সঙ্গে যে চোটের কোনো সম্পর্ক নেই, সেটি নিশ্চিত করেছেন রাজশাহী কিংসের ফিজিও বায়েজিদুল ইসলাম, ‘দুটি ম্যাচেই কোনো সমস্যা ছাড়াই বোলিং করেছে মোস্তাফিজ। সে এখন পুরোপুরি চোটমুক্ত। তবে ছোটখাটো কিছু সমস্যা সব বোলারেরই থাকে। সে জন্য খেলার সঙ্গে সঙ্গে পুনর্বাসনটা চালিয়ে যেতে হয়।’
মোস্তাফিজও তা-ই করছেন এখন। কাল অনুশীলনে না এলেও যেমন জিম করেছেন হোটেলে। পেস বোলার যখন, শরীর ঠিক রাখার এই চেষ্টা নিরন্তরই চালিয়ে যেতে হবে। কিন্তু বোলিংয়ে সেই বিষটা ফিরিয়ে আনতে কী করতে হবে, সেটা কি কেউ বলে দেবেন মোস্তাফিজকে?