মোহামেডান দশে দশ
নাম ছিল ঢাকা মেট্রোপলিটন মহিলা ক্রিকেট লিগ। এবার পাল্টানো হলো নাম, পাল্টানো হলো ফরম্যাটও। কিন্তু নতুন নামের ঢাকা প্রিমিয়ার মহিলা ক্রিকেট লিগেও সেই পুরোনো চিত্রনাট্য। এবারও বিপুল বিক্রমে চ্যাম্পিয়ন সেই মোহামেডান।
২০০৯ সালে শুরু মেয়েদের ক্লাব ক্রিকেটের সর্বোচ্চ এই আসরে শুরু থেকেই মোহামেডানের আধিপত্য। সাত মৌসুমে ছয়বারের চ্যাম্পিয়নরা শিরোপা জিততে পারেনি শুধু ২০১০ সালে। মোহামেডান এবার টানা পঞ্চম লিগ শিরোপা নিশ্চিত করেছিল এক ম্যাচ হাতে রেখেই। দেখার ছিল, এবারও তারা অপরাজিত চ্যাম্পিয়ন হতে পারে কি না!
কাল নিজেদের শেষ ম্যাচে ডি-এল পদ্ধতিতে আবাহনীকে ১০ রানে হারিয়ে সালমা খাতুনের দল ধরে রেখেছে অজেয় ধারাটি। এবার ১০ ম্যাচের সব কটিতেই জিতল মোহামেডান। প্রথম ৭.৪ ওভারে মাত্র ৩ রান তুলতে ৩ উইকেট হারানো আবাহনী ৪৯.২ ওভারে অলআউট হয় ১৩২ রানে। মোহামেডানের অধিনায়ক সালমা ১৪ রানে নিয়েছেন ৫ উইকেট। মোহামেডান ৪৩.৩ ওভারে ৭ উইকেটে ১২২ রান তোলার পর হানা দেয় বৃষ্টির। ম্যাচ আর শুরু করা যায়নি। তখন ডি-এল পদ্ধতিতে ১০ রানে এগিয়ে ছিল মোহামেডান। বোলিংয়ে ২ উইকেট, ব্যাটিংয়ে ৫৫ রান, ম্যাচসেরা জয়ী দলের রুমানা আহমেদ।