মোহামেডানকে আবাহনীর রানচাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহামেডানের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেই নিজেকে ফিরে পেলেন লিটন দাস। আবাহনীর উইকেটকিপার-ব্যাটসম্যানের দেখানো পথে তিন অঙ্ক ছুঁয়েছেন দিনেশ কার্তিকও। কাল বিকেএসপিতে l জাহিদুল করিম
মোহামেডানের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেই নিজেকে ফিরে পেলেন লিটন দাস। আবাহনীর উইকেটকিপার-ব্যাটসম্যানের দেখানো পথে তিন অঙ্ক ছুঁয়েছেন দিনেশ কার্তিকও। কাল বিকেএসপিতে l জাহিদুল করিম

কর্মকর্তারা কাঁধে কাঁধ মিলিয়ে ফেলেছেন আরও আগেই। আবাহনী-মোহামেডান ম্যাচ তাই এখন মর্যাদার লড়াইয়ের আড়ালে ‘প্রীতি ম্যাচের’ই মর্যাদা পায়। সেই সৌহার্দ্য রক্ষার্থেই কিনা কাল বিকেএসপিতে দেখা গেল না দুই দলের কোনো বড় কর্মকর্তাকে!
থাকলে লিগজুড়েই বিতর্কে জর্জরিত আবাহনীর কর্মকর্তারা ফেটে পড়তে পারতেন উল্লাসে। ২৬০ রানের জয় যেকোনো দলের বিপক্ষেই বিশাল, ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ মোহামেডানের বিপক্ষে তো এই রেকর্ড জয়ের আনন্দ হওয়ার কথা বাঁধনহারা!
সে আনন্দ আসলে ম্যাচের প্রথম ইনিংস শেষেই করে ফেলতে পারত আবাহনী। প্রথমে ব্যাটিং করে ৩৭১ রান করার পরই তো ম্যাচ শেষ! এই রান তাড়া করতে অবিশ্বাস্য ব্যাটিং করতে হতো মোহামেডানকে। সেটি হলো উল্টো অর্থে—মোহামেডান ব্যাটসম্যানদের অবিশ্বাস্য ব্যর্থতায় রান ১০০ হওয়ার আগেই নেই ৮ উইকেট! মাত্র ১১১ রানে অলআউট হয়ে লজ্জাজনক হার।
মাথার ওপর ৩৭১ রানের বোঝাটাই হয়তো আসল কারণ। এত বড় স্কোর তাড়া করতে গেলে যে বল মারার নয়, সেটিও মারার চেষ্টা করতে হয়। তা করতে গিয়েই একের পর এক উইকেট পড়ল মোহামেডানের। পরাজয় নিশ্চিত হওয়ার পর মান বাঁচানোর ব্যাটিংটাও করতে পারলেন না কেউ।
তাসকিনের সঙ্গে নতুন বলে বোলিং শুরু করে ১৮ রানে ৫ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। ২০১৩ সালে সিলেটে অনুষ্ঠিত আম্বার বিজয় দিবস ক্রিকেটে প্রাইম ব্যাংকের হয়ে ঢাকা মোহামেডানের বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলেন সাকিব। তবে সেটি ছিল টি-টোয়েন্টি ম্যাচ। দেশের ক্লাব ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচে ৫ উইকেট নিলেন কালই প্রথম।
আবাহনীকে রানশৃঙ্গে তুলে নেওয়ার কাজটা শুরু করেন লিটন দাস। এবারের লিগে নিজেকে হারিয়ে খুঁজছিলেন। স্ট্রোক ঝলমলে এক সেঞ্চুরি দিয়ে কাল সেই লিটন ফিরলেন স্বরূপে। সেঞ্চুরি করলেন ভারতীয় ব্যাটসম্যান দীনেশ কার্তিকও, সঙ্গে সাকিবের ২৪ বলে ৫৭ রানের ঝড় মিলিয়ে আবাহনীর ওই রানের পাহাড়।
এবারের লিগের সর্বোচ্চ ইনিংস তো বটেই, প্রিমিয়ার লিগের ইতিহাসেই এটা এক ইনিংসে সর্বোচ্চ রান কি না, তা নিয়ে গবেষণা চলল বাকি ম্যাচে। তবে লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগে এটাই যে সর্বোচ্চ ইনিংস, সেটি নিয়ে কোনো সন্দেহ নেই।
সাকিব-কার্তিকের আগ্রাসী ব্যাটিংয়ের ভিত গড়ে দিয়েছিল লিটনের নান্দনিক ইনিংস। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে স্থগিত হয়ে যাওয়া আগের ম্যাচে ৪৮-ই ছিল এবারের লিগে তাঁর সর্বোচ্চ স্কোর। সেটি ছিল ফর্মে ফেরার ইঙ্গিত। কাল যা নিয়ে আর কোনো সংশয়ই থাকল না। লিটনের ব্যাটিং দেখা চোখের জন্য এক প্রশান্তি। আবারও সেটির দেখা মেলাটাই কালকের ম্যাচের সবচেয়ে বড় হাইলাইট।
৬৪ রানে ২ উইকেট পড়ার পর কার্তিকের সঙ্গে তৃতীয় উইকেটে লিটনের ১৬২ রানের জুটি। ৬০ বলে তাঁর প্রথম পঞ্চাশে ৬টি বাউন্ডারি। ফিফটির পরই এনামুল জুনিয়রের পরপর দুই বলে চার ও মিড উইকেটের ওপর দিয়ে একমাত্র ছক্কাটি। সেঞ্চুরি করতে লাগল আর মাত্র ৪২ বল, যাতে ৬টি চার ও ১টি ছয়। সেঞ্চুরিটাও এসেছে রাজকীয় এক শটে। ফয়সাল হোসেনের বলে সুইপে চার মেরে ৯৭ থেকে ১০১, ব্যাট উঁচিয়ে ধরলেন লিটন।
৩৯তম ওভারে আউট হওয়ার সময় তাঁর নামের পাশে ১২৫ বলে ১৩৯ রান (১৮টি চার ও ১টি ছয়)।
সেঞ্চুরি (৯৭ বলে ১০৯) করেছেন কার্তিকও, সাকিবের ব্যাটেও উঠেছে ঝড়। ৪টি ছক্কা আর ২টি চারে মাত্র ২২ বলে ফিফটি। নাঈম ইসলামের বলে ওয়াইডিশ লং অনে ক্যাচ দেওয়ার আগের দুই বলে মেরেছেন পরপর দুই ছক্কা। ফিফটি পূর্ণ হয়েছিল প্রথমটিতে। ২৪ বলে ৫৭ রানের ইনিংসে সাকিব উইকেটে ছিলেন ৪৪ মিনিট। প্রায় পুরোটাই ভরিয়ে দিয়েছেন ব্যাটিং বিনোদনে।
লিটনের ও রকম শুরুর পর ইনিংসের শেষটা যেমন হওয়া উচিত, সাকিব-কার্তিক মিলে সেটাই করেছেন। এরপর তো বল হাতেও সাকিব একই রকম উজ্জ্বল। একটু বিস্ময়করই বলতে হবে, ৭.৪৪ আস্কিং রেট নিয়ে শুরু মোহামেডানের ইনিংসে ১০০ স্ট্রাইক রেট শুধু একজন ব্যাটসম্যানেরই। ৩২ রান করেই ইনিংসের সর্বোচ্চ স্কোরার নাঈম ইসলামের। মুশফিকুর রহিম নির্ভার হয়ে খেলতে চাওয়ায় কাল মোহামেডানের নেতৃত্বও ছিল তাঁর কাঁধে।

সংক্ষিপ্ত স্কোর
আবাহনী: ৫০ ওভারে ৩৭১/৫ (লিটন ১৩৯, কার্তিক ১০৯, সাকিব ৫৭; আরিফুল ২/৫৫, নাঈম ১/৪৫)।
মোহামেডান: ২৪.৩ ওভারে ১১১ (নাঈম ৩২, মুশফিক ২৬, আরিফুল ১৭; সাকিব ৫/১৮, মোসাদ্দেক ২/১২, সাকলাইন ২/২৭)।
ফল: আবাহনী ২৬০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: লিটন দাস।