মোহামেডানকে টেনে ধরল দোলেশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরি করেও প্রাইম দোলেশ্বরের বিপক্ষে মোহামেডানকে জেতাতে পারলেন না নাঈম ইসলাম l প্রথম আলো
সেঞ্চুরি করেও প্রাইম দোলেশ্বরের বিপক্ষে মোহামেডানকে জেতাতে পারলেন না নাঈম ইসলাম l প্রথম আলো

লিস্ট ‘এ’ ম্যাচে নিজের পঞ্চম সেঞ্চুরি করেও নিভৃতে থেকে গেলেন নাঈম ইসলাম। ম্যাচ শেষে সব আলো গিয়ে পড়ল সেঞ্চুরি থেকে ১২ রান দূরে থেমে যাওয়া ইমতিয়াজ হোসেনের ওপর।
পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মোহামেডানের জন্য ম্যাচটা ছিল নিজেদের আরও ওপরে নিয়ে যাওয়ার উপলক্ষ। আর আগের দুই ম্যাচেই হারা প্রাইম দোলেশ্বরের লক্ষ্য ছিল মোহামেডানকে টেনে ধরে পয়েন্টে সমতা আনা। ফরহাদ রেজা-আল আমিন হোসেনের দুর্দান্ত বোলিংয়ের পর ইমতিয়াজের ৮৮ রান সফল করল প্রাইম দোলেশ্বরের উদ্দেশ্য। অন্যদিকে নাঈমের সেঞ্চুরির পরও মোহামেডান ব্যর্থ পয়েন্টের ব্যবধান বাড়াতে। সাত ম্যাচে দুই দলেরই পয়েন্ট ১০ করে। তবে নেট রানরেটে এগিয়ে মোহামেডানই।
ইমতিয়াজ দুটি সেঞ্চুরি করেছেন আগেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল এই লিগে নিজের তৃতীয় সেঞ্চুরিটি না পেলেও ১০৯ বলে ৮৮ রান করে তিনি এখন পর্যন্ত সবচেয়ে বেশি রানের (৪০৪) মালিক। তৃতীয় সেঞ্চুরি না পাওয়ার হতাশার পরও তাই কণ্ঠে তৃপ্তি, ‘ম্যাচ শেষ করে আসতে পারলে ভালো লাগত। কিন্তু বাজে শট খেলতে গিয়ে আউট হয়ে গেছি। তবে ভালো লাগছে যে এখন আমার সবচেয়ে বেশি রান। চাইব এটা ধরে রাখতে।’
মোহামেডান লক্ষ্য দিয়েছিল ১৮৯ রানের। মিরপুরের ব্যাটিং-স্বর্গে এই রান নিয়ে প্রতিদ্বন্দ্বিতা গড়ার কথা অধিনায়ক মুশফিকুর রহিমও হয়তো ভাবেননি। ইমতিয়াজ-রবিউল ইসলামের ওপেনিং জুটিতেই ৫৩ করে ফেলে প্রাইম দোলেশ্বর। এরপর রকিবুল হাসানকে সঙ্গী করে দ্বিতীয় উইকেটে আরও ৭২ যোগ করে ম্যাচের ফল অনেকটাই নির্ধারণ করে দেন ইমতিয়াজ। তবে তুলির শেষ আঁচড়টা দিয়ে আসতে পারেননি। ৩৯ বলে অপরাজিত ৩৭ রানে সেটা করেছেন নাসির হোসেন। এনামুল জুনিয়রকে প্যাডল সুইপ করতে গিয়ে জয় থেকে ২৬ রান দূরে থাকতে এলবিডব্লু হয়ে যান ইমতিয়াজ। সাত বাউন্ডারির সঙ্গে তিনটি ছক্কা মেরেছেন নাঈম ইসলাম জুনিয়র, শুভাশিস রায় ও হাবিবুর রহমানকে।
অবশ্য ব্যাটসম্যানদের কাজটা সহজ করে রেখেছিলেন দোলেশ্বরের বোলাররাই। বিশেষ করে, দুই পেসার ফরহাদ রেজা ও আল আমিন হোসেন। তিন উইকেট করে নিয়ে মোহামেডানকে দুই শর নিচে থামিয়ে দেওয়ার আসল কাজটা তাঁরাই করেছেন। অবশ্য মোহামেডান প্রথম ধাক্কা খায় ইনিংসের দ্বিতীয় ওভারে নাজিম উদ্দিনের রান আউটে। চতুর্থ ও ষষ্ঠ ওভারে আরেক ওপেনার ইজাজ আহমেদ ও উপুল থারাঙ্গাকে ফিরিয়ে দলটাকে রীতিমতো বিপর্যস্ত করে দেন আল আমিন।
মাত্র ১৬ রানে ৩ উইকেট হারানো মোহামেডান আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি। নাঈমের সেঞ্চুরি কেবল বিরুদ্ধস্রোতে লড়াইয়ের প্রতীক হয়ে থেকেছে, ৪২ রানে চার উইকেট হারানোর পর আরিফুল হকের (২৯) সঙ্গে ৭৭ রানের জুটি যেটার সবচেয়ে বড় অর্জন। ৮৭ বলে ফিফটি করা নাঈম সেঞ্চুরি করেছেন ১৪৬ বলে।
টপাটপ উইকেট পড়ে যাচ্ছিল বলেই হয়তো তাঁকে ধৈর্যশীল ব্যাটিংয়ের চেষ্টা করতে হয়েছে। তবে সেঞ্চুরির পরের বলেই বোল্ড হয়ে না গেলে শেষ দিকে আরও কিছু রান বাড়াতে পারত মোহামেডান। সেটা তো হয়ইনি, শেষ পাঁচ উইকেট পড়েছে মাত্র ১৪ রানে। নাঈমকে ফেরানোর আগের বলে হাবিবুর রহমানকে রবিউলের ক্যাচ বানান ম্যান অব দ্য ম্যাচ ফরহাদ।