কত দূর যাবে আবাহনী?

শুরুর ধাক্কাটা সামলেছিলেন নাজমুল হোসেন শান্ত। ভারতীয় ব্যাটসম্যান মানবিন্দর বিসলা আর মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে প্রাথমিক বিপর্যয়টা সামলেও উঠেছিলেন। কিন্তু বেশি দূর নিতে পারলেন না। নিয়মিত বিরতিতে উইকেট হারানো আবাহনী চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে নিজেদের সংগ্রহ কত দূর নিয়ে যেতে পারবে প্রশ্ন এখন এটিই। এই প্রতিবেদন লেখার সময় আবাহনীর সংগ্রহ ছিল ৩২ ওভারে ৫ উইকেটে ১১৪।
৮ ওভারের মধ্যে মাত্র ২০ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর মানবিন্দর বিসলা ও নাজমুল হাসান শান্ত হাল ধরেন দলেন। আইপিএলে অধুনালুপ্ত ডেকান চার্জার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলা ভারতীয় ব্যাটসম্যান বিসলা নাজমুলকে নিয়ে গড়েন ৪৭ রানের জুটি। বিসলা ৩৩ বলে ২৩ রান করে নাঈম ইসলামের বলে উইকেটের পেছনে ধরা পড়েন মোহামেডান অধিনায়ক মুশফিকুর রহিমের হাতে।
বিসলা ফিরলেও চেষ্টা চালিয়েছিলেন নাজমুল হোসেন। মোসাদ্দেক হোসেনের সঙ্গে গড়ে তুলছিলেন আরও একটি সম্ভাবনাময় জুটি। কিন্তু নাজমুল-মোসাদ্দেক জুটি ৩৮ রানে বিচ্ছিন্ন হয় নাজমুল হোসেন ৪২ রানে ফিরলে। এনামুল হক জুনিয়রের বলে সৈকত আলীর ক্যাচে পরিণত হন। সেখান থেকেই বাকিটা পথ হাঁটছে আবাহনী। হবে হাঁটলে হবে না, দৌড়াতে হবে। তাদের যে চাই রান!
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে মোহামেডান বোলারদের তোপে শুরুতেই ৩ উইকেট হারিয়ে বসে তারা মাত্র ২০ রানে। আউট হয়ে সাজঘরে ফিরেছেন অধিনায়ক তামিম ইকবাল। ফিরেছেন অফ ফর্মে থাকা লিটন দাস। এই দুই ব্যাটসম্যানকে অনুসরণ করেছেন অভিষেক মিত্রও। শুরুর এই ধাক্কা দেন খুলনা বিভাগের অফ স্পিনার হাবিবুর রহমান ও পেসার শুভাশিস রায়।
দলীয় ৫ রানেই শুভাশিসের বলে সৈকত আলীর ক্যাচে পরিণত হন তামিম। তাঁর সংগ্রহ ছিল ৪। ১৫ রানের মাথায় সাজঘরে ফেরেন ১৫ বলে ৩ রান করা লিটন দাস। তিনি হাবিবুর রহমানের বলে শুভাশিস রায়ের ক্যাচ হন। হাবিবের বলেই আরিফুল হককে ক্যাচ দেন অভিষেক মিত্র। ৮ ওভারে ২০ রানেই নেই ৩ উইকেট!