মোহামেডানের শ্বাসরুদ্ধকর জয়

প্রাইম ব্যাংকের দেওয়া লক্ষ্যটা যে খুব বড় তা নয়। কিন্তু আগের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে ২৬০ রানের বিশাল ব্যবধানে পরাজিত মোহামেডানের সামনে এটা ছিল চ্যালেঞ্জিংই । শেষ পর্যন্ত সেই চ্যালেঞ্জে মোহামেডান উতরেছে আরিফুল হকের দারুণ এক সেঞ্চুরিতে। প্রাইম ব্যাংককে ১ উইকেটে হারিয়ে সুপার লিগে জেতা ভুলতে বসা মোহামেডান আবারও ফিরেছে জয়ের ধারায়। তবে দুর্দান্ত ম্যাচটিতে বিতর্কও ছিল।
জয়ের একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়ার পর তিনটি রান আউট হঠাৎ করেই উত্তেজনা ছড়ায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ফয়সাল হোসেন, এনামুল হক জুনিয়র ও শুভাশিস রায়ের তিনটি রান আউট তিরে এসে তরি ডোবার অবস্থায় নিয়ে যায় মোহামেডানকে। তবে নাটক হয় রুবেল হোসেনের করা ৪৯.৫ ওভারে। আরিফুল হকের বিপক্ষে তাঁর এলবিডব্লিউর আবেদন নাকচ হয়ে গেলেও সেই বলেই দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হন শুভাশিস। আরিফুলের বিপক্ষে এলবিডব্লিউ ও শুভাশিসের বিপক্ষে প্রথমবার রান অাউটের আবেদন বাতিল হয়ে যাওয়াটা সহজভাবে নেয়নি প্রাইম ব্যাংক। ম্যানেজার সাইফুল ইসলামের নির্দেশে মাঠ থেকে বেরিয়ে আসেন তারা। ১৫ মিনিট বন্ধ থাকার পর ম্যাচ রেফারি রকিবুল হাসানের মধ্যস্থতায় আবার খেলা শুরু হয়। রুবেলের শেষ বলটা থার্ডম্যান দিয়ে বাউন্ডারি মেরে মোহামেডানকে জয়ের তীরে পৌঁছে দেন আরিফুল। দলের জয়ের সঙ্গে আরাধ্য সেঞ্চুরিটাও পেয়ে যান মোহামেডানের এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
মোহামেডানের ইনিংসের শুরুটা খুব ভালো হয়নি। ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে এক ধুঁকতে থাকা মোহামেডানকে পথ দেখান মুশফিকুর রহিম। তাঁর ৬৩ বলে ৫০ রানের ইনিংসে পথ খুঁজে পায় মোহামেডান। নাঈম ইসলামের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে মুশফিক যোগ করেন ৪০ রান। নাঈম ১৯ রানে ফেরার পর মুশফিকের সঙ্গে জুটি গড়েন আরিফুল হক। পঞ্চম উইকেট জুটিতে এই দুজন করেন ৬১। মুশফিকের বিদায়ের পর ষষ্ঠ ও সপ্তম উইকেট জুটিতে নাজমুল আলম মিলন ও ফয়সাল হোসেনকে নিয়ে আরিফুল আরও দুটি জুটি গড়েন যথাক্রমে ৪৬ ও ৫৯ রানের। এই চারটি জুটিই মূলত জয়ের বন্দরে পৌঁছে দেয় মোহামেডানকে। আরিফুল ৯৯ বলে ১০৩ করেন ৬ চার ও ২ ছয়ের মারে।