মোহাম্মদ আমিরের পুনর্জন্ম হচ্ছে কাল

অনেকটা কাপড়ের গায়ে লেগে থাকা দাগ পরিষ্কার করার মতো। স্পট-ফিক্সিংয়ের ‘স্পট’ লেগে গিয়েছিল তাঁর ক্রিকেট ক্যারিয়ারে। ‘জেল’ আর ‘নিষেধাজ্ঞা’ নামের ডিটারজেন্ট পাউডারে পাঁচ বছরে সেটি ধুয়েছেন মোহাম্মদ আমির। দাগ পরিষ্কার হয়ে গেছে, এবার আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পালা পাকিস্তানি ফাস্ট বোলারের।
তাঁকে ফেরানো নিয়ে নাটক কম হয়নি। পক্ষে-বিপক্ষে অনেক মত, ‘ফিক্সার’-এর সঙ্গে খেলতে সতীর্থ খেলোয়াড়দের আপত্তি—ঝঞ্ঝাবিক্ষুব্ধ সাগরই পাড়ি দিতে হয়েছে আমিরকে। শেষ পর্যন্ত পৌঁছেছেন সৈকতে। আগামীকাল নিউজিল্যান্ডে শুরু হতে যাওয়া প্রথম টি-টোয়েন্টি দিয়েই সম্ভবত ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে।
আমিরের জন্য এটি সুখবর। তবে সঙ্গে একটা সতর্কবার্তাও থাকছে—সবার দৃষ্টিই থাকবে তাঁর ওপর। দলটির কোচ ওয়াকার ইউনিস অবশ্য আশা করছেন, দ্রুতই এই চাপের সঙ্গে মানিয়ে নিতে পারবেন আমির, ‘সবকিছু কেমন হবে, সেটি এখনই বলা বেশ কঠিন। তবে অভিজ্ঞতা বলছে, ও বেশ বুদ্ধিমান একটি ছেলে। ১৮ বছর বয়সেও (যখন স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েছিলেন) বেশ বুদ্ধিমান ছিল ও। ও জানে কী করতে যাচ্ছে। চ্যালেঞ্জের জন্য ও প্রস্তুত।’
২০১০ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা জুটেছিল আমিরের কপালে। জেলেও যেতে হয়েছিল। সেপ্টেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর আবার খেলায় ফিরেছেন আমির। কায়েদ-ই-আযম ট্রফির বাছাইপর্ব ও মূল পর্ব মিলিয়ে ৫০ উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছেন পাঁচ বছরে বোলিংয়ে খুব বেশি ধার হারাননি। পরে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) চিটাগাং ভাইকিংসের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে নির্বাচকদের নজরে আসেন।
আমির ফেরায় পাকিস্তানের পেস আক্রমণে ওয়াহাব রিয়াজ, উমর গুল, আনোয়ার আলীদের সঙ্গে আরও একটি তির যোগ হচ্ছে। আরেক বাঁহাতি পেসার রিয়াজের কথা শুনলে মনে হবে, তিনিও আমিরের প্রত্যাবর্তনটা কেমন হয়, তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ‘অসাধারণ একজন ফাস্ট বোলার ও, এর আগেও সেটা প্রমাণ করেছে। এখন আবার প্রমাণ করতে হবে ওকে এবং ও সেটা করবে’—বলেছেন রিয়াজ।
নতুন বলে সঙ্গী হিসেবে আমিরকে পাওয়ার সুবিধাগুলোও তুলে ধরলেন রিয়াজ। আমিরের সঙ্গে উমর গুলও ফিরে আসায় পাকিস্তানের বোলিংয়ের শক্তি বাড়বে ভেবেও তিনি রোমাঞ্চিত, ‘ও থাকলে বোলার হিসেবে আমার ওপর চাপ কমে যাবে। কারণ ওর কাছ থেকে বেশ সহায়তা পাব। উমর গুলও ফিরে এসেছে, ভালোও করছে। পাকিস্তানের বোলিং আক্রমণ এখন অনেক ভারসাম্যপূর্ণ হবে।’
আর দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই হয়তো হবে মূল অস্ত্র। কদিন আগেই উপমহাদেশের আরেক দল শ্রীলঙ্কা নিউজিল্যান্ডে খেলতে এসে রীতিমতো বিধ্বস্ত হয়েছে। টেস্টে ২-০, ওয়ানডে ৩-১ ও টি-টোয়েন্টিতে ২-০ ব্যবধানে হেরেছে। বেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলে সবার মনোযোগও কেড়ে নিয়েছে ব্রেন্ডন ম্যাককালামের দল।
শুধু আমিরের ফেরাই নয়, কাল থেকে শুরু হতে যাওয়া ৩ টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডের সিরিজে আরও একটি সুখবর আছে পাকিস্তান দলের - ‘ড্রেস কোড’ ভাঙার কারণে উমর আকমলের ওপর এক ম্যাচের যে নিষেধাজ্ঞা ছিল সেটি উঠে গেছে। সূত্র: এএফপি।