
‘কাঁটাতারের সঙ্গে কত স্মৃতি জড়িয়ে’—বিড়বিড় করে বলছিলেন মোহাম্মদ শামসুজ্জামান। ভদ্রলোক আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত। নিজের ডান পায়ের দিকে তাকিয়ে একটু আনমনা হয়ে পড়লেন, ‘মাঠে প্রথম খেলা দেখার স্মৃতি সেই আশির দশকে, আমি তখন স্কুলে পড়ি। পাকিস্তান দল তখনকার বিসিবি একাদশের সঙ্গে খেলতে একটা সফরে এসেছিল বাংলাদেশে।’ শামসুজ্জামানের মনে পড়ে গেল, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের সেই ম্যাচে হয়েছিল তুমুল হাঙ্গামা। দর্শকেরা খুবই সহিংস হয়ে উঠেছিল, পুলিশও শুরু করেছিল বেধড়ক পিটুনি। কাঁটাতার টপকাতে গিয়ে ভীষণ চোট পেয়েছিলেন পায়ে। ভদ্রলোকের খেলাধুলায়ও যতি পড়ে যায় এরপর। তবে খেলতে না পারলেও খেলার সঙ্গে আড়ি হয়নি। এরপর থেকে নিয়মিতই এসেছেন মাঠে, এখনো সময় পেলে ছুটে আসেন। সেই উন্মাদনা এখন বয়সের সঙ্গে অনেকটাই থিতিয়ে পড়েছে, তবে খেলা দেখার নেশায় ভাটা পড়েনি। বাংলাদেশ দল নিয়ে যেমন ভীষণ উচ্ছ্বসিত, ‘এই মাশরাফি কিন্তু বাংলাদেশকে অনেকটাই বদলে দিয়েছে। ছেলেটা একেবারে অন্য রকম।’ বলতে বলতেই সাকিবের বলে আউট হয়ে গেলেন হাশিম আমলা। ভদ্রলোক বলে উঠলেন, ‘মনে হচ্ছিল, সাকিবই এই উইকেট পাবে। আজ বোধ হয় জিতেই যাব, যদি না বৃষ্টি আসে...।’ বলতে বলতে চোখ আকাশের দিকে। একটু পরেই আকাশ ভেঙে বৃষ্টি পড়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।